ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ১২ শতাংশ মানুষ অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে কাজ করছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অক্যুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট।
শুক্রবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ২৮ এপ্রিল বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন উল্লিখিত তথ্য জানিয়ে বলেন, অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে কাজ করা দক্ষ ও কর্মঠ শ্রমিক সৃষ্টিতে প্রতিবন্ধক।
তিনি বলেন, পর্যাপ্ত আলোবাতাসের অভাব , অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,স্বাস্থ্যসেবার অভাব, মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য ছুটির অপ্রতুলতা, নারীর প্রতি বৈষম্য, দুগ্ধদানকারী মায়ের দীর্ঘ কর্মঘন্টার ফলে মা ও শিশুর পুষ্টিহীনতা, বাধ্যতামূলক শিশুশ্রম, বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের ফলে অঙ্গহানি বাংলাদেশের পেশাগত চিত্রের সাধারণ দৃশ্য। এর ফলে প্রতিনিয়ত শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে।
পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিলন বিকাশ পাল বলেন, বিশ্ব শ্রম সংস্থার হিসেব অনুযায়ী প্রতিবছর অনিরাপদ ও অস্বাস্থ্যকর কাজ এবং পরিবেশের জন্য বিশ্বে প্রায় বিশ লাখ শ্রমিক প্রাণ হারায় এবং আহত হয় ১২ লাখের বেশি।
বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন , ২০০৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট তিন হাজার পাঁচশ' ৫০ জন শ্রমিক কর্মস্থলে বিভিন্ন ধরনের দূর্ঘটনার শিকার হয়েছে যার মধ্যে এক হাজার সাত'শ ৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার সাত'শ ৮২ জন।
বিভিন্ন সংগঠন এ দিবস উপলক্ষে এপ্রিলের ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
অ্যাকশন এইড বাংলাদেশ ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাকশনএইড এর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকনোমিক জাস্টিস এর প্রধান আজগর আলী সাবরি, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ এর সচিব কবির হোসেন এবং পরিপ্রেক্ষিত এর নির্বাহী পরিচালক বোরহান কবির বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসকে/২৩০৭ঘ.
bdnews24