চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দিদার বলী গতবছর মাত্র সাত সেকেণ্ডেই মর্ম বলীকে কুপোকাত করে চ্যাম্পিয়ন হলেও এ বছর ৪৩ মিনিট লড়েও কেউ কাউকে হারাতে পারেননি। এবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে তাদের।
শুক্রবার বিকেলে নগরীর লালদীঘির ময়দানে বলী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম। চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮১ জন বলী বা লড়িয়ে এবারের লড়াইয়ে অংশ নেন। এর মধ্যে যেমন ছিলেন ৫৮ বছর বয়েসী হাটহাজারীর মফিজ বলী, তেমনি ছিলেন নগরীর জেল রোড এলাকার ১১ বছর বয়সী আরিফ।
তবে শেষ পর্যন্ত গতবারের দুই ফাইনালিস্টই এবারো চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামনে। খেলা শেষে যুগ্ম চ্যাম্পিয়ন দিদার বলী ও মর্ম বলীর হাতে তুলে দেয়া হয় পুরস্কারের পাঁচ হাজার করে টাকা ও ট্রফি।
এছাড়া সবচেয়ে বেশি বয়সীদের রাউন্ডে কুমিল্লার শহীদ বলি (৫৫) এবং কিশোর বলীদের মধ্যে আরিফ বিজয়ী হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোস্তফা কামাল বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এদিকে দীর্ঘ ৯৯ বছরের ঐতিহ্য অনুসরণ করে বলী খেলাকে ঘিরে এবারো নগরীর কোতোয়ালীর মোড় থেকে আন্দরকিল্লা ও আশেপাশের এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের বৈশাখী মেলা।
শুক্রবার ছূটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা জমে ওঠে। তীব্র গরম উপেক্ষা করে মেলায় আসেন সব বয়সের মানুষ। তবে এর মধ্যেও গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও কিনে নিয়েছেন অনেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/জেকে/২২২৩ ঘ.
bdnews24