২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের দাফন শেষে আলাল বরিশাল কারাগারে

মায়ের দাফন শেষে যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালকে শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

বরিশাল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের দাফন শেষে যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালকে শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল কারাগারের জেলার মোকলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আপাতত অ্যাডভোকেট আলালকে বরিশাল কারাগারে রাখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গত বুধবার রাতে আলালের মা উম্মে কুলসুম মারা যান। দাফন ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের সদস্যরা আবেদন করলে বৃহস্পতিবার সকালে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি দিয়ে বরিশাল পাঠানো হয়। রাতে তাকে বরিশাল কারাগারে রাখা হয়। শুক্রবার সকাল পৌনে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আলালকে বরিশাল কারাগার থেকে নগরীর বটতলাস্থ বাড়িতে নিয়ে আসা হয়। মার মরদেহ দেখে যুবদল নেতা কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে সেখানে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বরিশাল পুলিশ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জগদীশ চন্দ্র মিস্ত্রীকে নিয়ে এসে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরিশাল মুসলিম গোরস্থান মসজিদ চত্বরে জানাজা শেষে আলালের মা উম্মে কুলসুমকে দাফন করা হয়। দাফন শেষে আলালকে পৌনে ১১টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৩৫ ঘ.