২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা করে কোটি টাকা আয়

"তিন তাসের খেলার মাধ্যমে প্রতারণা করে আমি এ পর্যন্ত কোটি টাকার ওপর আয় করেছি"- এমন সহজ স্বীকারোক্তি দিলেন র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া প্রতারক চক্রের নেতা শামসুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "তিন তাসের খেলার মাধ্যমে প্রতারণা করে আমি এ পর্যন্ত কোটি টাকার ওপর আয় করেছি"- এমন সহজ স্বীকারোক্তি দিলেন র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া প্রতারক চক্রের নেতা শামসুল আলম। বুধবার দুপুরে শামসুল আলমসহ তিন প্রতারককে র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এদের মধ্যে মধ্যে শামসুল আলম তিন তাসের খেলা খেলেন। বাকিরা খদ্দের জোগাড় করে দেন। বাকি দু'জন হলেন, তোফায়েল আহমেদ রতন ও আশরাফুল করিম। গত দু'দিন রাজধানীর বিভিস্থানে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে। র‌্যাব কর্মকর্তা মেজর ফারুক-ইয়া-আযম সাংবাদিকদের জানান, উত্তরার আবদাল হক নামে একজন তার স্ত্রীর পেনশনের সাড়ে ১৬ লাখ টাকা খুইয়ে অভিযোগ করলে র‌্যাব প্রতারকদের গ্রেপ্তারে অভিযান চালায়। প্রতারক শামসুল আলম জানান, তার দলে ১০ থেকে ১২ জন রয়েছে। এরা খদ্দের জোগাড় করে তার কাছে মাড়োয়ারি ব্যবসায়ী হিসাবে পরিচয় করিয়ে দেয়। খদ্দেরের সঙ্গে ব্যবসা নিয়েও কথা হয়। পরে তিন তাস খেলা হয়। এই তাস খেলায় কখনো হারেননি বলে জানান শামসুল আলম। তিনি বলেন, "সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ১৭ লাখ টাকা পর্যন্ত খেলেছি। এ টাকা থেকে আমার থাকে শতকরা ১২ ভাগ। বাকি টাকা দলের লোকজন ভাগ করে নেয়। প্রতারণার ব্যবসা করে ঢাকায় আমি দুটি বাড়ি করেছি।" তোফায়েল আহমেদ রতন জানান, ১৯৯৫ সাল থেকে তিনি প্রতারণার ব্যবসার সঙ্গে জড়িত। এ পর্যন্ত তিনি ১২ থেকে ১৩ লাখ টাকা আয় করেছেন। র‌্যাবের আরেক কর্মকর্তা মেজর মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতারক চক্রটি বাসা ভাড়া নিয়ে ভুয়া নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন চেষ্টার পর তাদের গ্রেপ্তার করা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৮৫৬ ঘ.