চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সোমবার ভোরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ দাবি করছে, নিহত ব্যক্তিরা চোর।
নিহতদের মধ্যে মো. হারুন ঘটনাস্থলে এবং জাহিদুল আলম সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর পৌনে ৫টার দিকে সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকার নির্মাণাধীন একটি কারখানায় হারুন ও জাহিদ চুরি করতে যায়। ওই সময় কারখানার দারোয়ান তাদের দেখে ফেলে এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাদের ধরে ব্যাপক মারধর করে।
আসাদুর রহমান বলেন, গণপিটুনিতে হারুণ ঘটনাস্থলেই মারা যায়। জাহিদকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24