ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ-২০০৮ এর খসড়ার ওপর মতামত বা পরামর্শ থাকলে আগামী ৩০ এপ্রিলের মধ্যে তা জানাতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, খসড়া অধ্যাদেশটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে(www.mincom.gov.bd) দেওয়া আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধ্যাদেশ এর খসড়া চূড়ান্ত করার আগে এ বিষয়ে সুশীল সমাজ, সাধারণ ভোক্তা, স্টেক হোল্ডার এবং আগ্রহী সবার কাছ থেকে মতামত বা পরামর্শ নেওয়া প্রয়োজন।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে যে কেউ সরাসরি, ডাকযোগে, ই-মেইল (export1@intechworld.net) অথবা ফিরোজ আহমেদ, সচিব বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়- এ ঠিকানায় মতামত জানাতে পারবেন।
ভোক্তা অধিকার আইনের খসড়া এ বছরের শুরুতে মন্ত্রণালয় প্রণয়ন করে। প্রস্তাবিত খসড়ায় ভোক্তাদের অধিকার সংরক্ষণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি পরিষদ গঠনের কথা বলা হয়েছে। যার চেয়ারম্যান থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থা, জাতীয় প্রেসক্লাব, ক্যাব, এফবিসিসিআই এর প্রতিনিধি থাকবেন ওই পরিষদে। জাতীয় পরিষদ প্রয়োজনে স্থানীয় পর্যায়েও কমিটি করতে পারবে।
গঠিত পরিষদ ভোক্তা অধিকার সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেবে। অধ্যাদেশের আওতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24