২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো দল যেন যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত না করে: এ কে খন্দকার

সব রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে 'যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার' রাখার দাবি আবারও তুললেন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে 'যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার' রাখার দাবি আবারও তুললেন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। শনিবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে 'মুক্তিযুদ্ধ ৭১, দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী' শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে মুক্তিযুুদ্ধের রণাঙ্গনের অন্যতম নেতা এ দাবি জানান। 'সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ' এ অনুষ্ঠানের আয়োজন করে। এ কে খন্দকার বলেন, "সব রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারের শীর্ষে যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার থাকতে হবে। আমাদের অনুরোধ থাকবে কোনো রাজনৈতিক দল যেন যুদ্ধাপরাধীদের সঙ্গে রাজনৈতিক আঁতাত না করে।" যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য ফোরামের পক্ষ থেকে কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করা ছাড়া এ জাতির মুক্তি নেই। সারা দেশের মানুষ একসঙ্গে দাবি তুললে কোনো সরকারের পক্ষেই তা উপেক্ষা করা সম্ভব হবে না।" অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, "রাজনৈতিক সরকার ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়।" দৈনিক সমকালের সম্পাদক আবেদ খান বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার নয়, তাদের শাস্তি দাবি করা হোক। তাদের শাস্তি হলেই এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, দুর্বৃত্তায়ন ও অপশাসন বন্ধ হবে।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কোনো বিকল্প নেই। সম্পাদক এ এস এম শামছুল আরেফিন বলেন, বইটিতে '৭৫ সালের পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার বিস্তারিত বিবরণ রয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি জাকির আহম্মেদের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। 'মুক্তিযুদ্ধ ৭১, দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী' বইটি প্রকাশ করেছে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স। বইটির দাম ৬০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এসকে/