ঢাকা,এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নীতি সংশোধনের দাবিতে শুক্রবার বিকেলে আহুত গণসমাবেশ স্থগিত করেছে আন্দোলনরত ইসলামী সংগঠনগুলোর নেতারা।
শুক্রবার সকালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করা হয়।
গত শুক্রবারের মতো সম্ভাব্য সহিংস বিক্ষোভের আশঙ্কায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চারপাশে পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে ।
আন্দোলনরত অন্যতম সংগঠন খেলাফত মজলিশের নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা গণসমাবেশের কর্মসূচি স্থগিত করেছি। আমরা কোনো সংঘাত চাই না। কোরআন ও সুন্নাহর আলোকে নারী নীতি সংশোধন হবে-এটাই আমরা চাই।''
তিনি আশা করেন, সরকার গঠিত আলেমদের পর্যালোচনা কমিটির সুপারিশমালা বাস্তবায়ন করা হবে।
এর আগে পুরানা পল্টনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কার্যালয়ে আন্দোলনরত ইসলামী সংগঠনগুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে মুফতি সৈয়দ মো. রেজাউল করীম, মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা এ টি এম হেমায়েতউদ্দিন, মাওলানা মামুনুর রশীদ, হাফেজ মাহমুদুল হক, মাওলানা নুরুল হুদা ফয়েজী প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
পরে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে আল্লামা আজিজুল হক কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়ে বলেন,'' আইন উপদেষ্টার কাছে আলেমদের পর্যালোচনা কমিটির সুপারিশ দেওয়া হয়েছে। আশা করছি সরকার এ সুপারিশ মেনে নেবে।''
এক প্রশ্নের জবাবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমরা সরকারকে সময় দিতে চাই। তবে আল্টিমেটাম দিচ্ছি না। সরকার পর্যালোচনা কমিটির সুপারিশ বাস্তবায়নে বিলম্ব করলে পরবর্তী সময়ে বসে আমরা সিদ্ধান্ত নেব।''
নেতৃবৃন্দ আলেমদের সুপারিশ বাস্তবায়ন, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিও জানান।
এ দিকে জরুরি অবস্থা অমান্য করে কট্টর ইসলামপন্থীদের গণসমাবেশ আহবানের পরিপ্রেক্ষিতে পুলিশ আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সকাল থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চারপাশে ব্যাপক পুলিশ ও অন্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন করা হয়। মসজিদের সব প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়।
কাছাকাছি রায়টকারসহ পুলিশের বিভিন্ন ধরণের যান রাখা হয়েছে। এলাকার বড় বড় ভবনগুলোর ওপরও বসানো হয়েছে পুলিশের নজরদারি ব্যবস্থা। দৈনিক বাংলা থেকে তোপখানা সড়ক পর্যন্ত প্রতিটি গলিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এলএইচ/এসএম/এসকে/১৩১৮ঘ.
bdnews24