খুলনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক অর্নিবাণ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক ছায়াপথ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার মিল্টন খুলনার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আবেদনের শুনানি শেষে হাকিম মো. আবু শামীম আজাদ জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অপর আসামি তপু বিশ্বাসের জামিন মঞ্জুর করে আদালত। আগামী ২১ এপ্রিল মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়েছে।
গত ৪ এপ্রিল মিল্টন ও তপু বিশ্বাসের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন নগরীরর বযরায় অবস্থিত চারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফাতিমা রহমান নীপা।
মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক মিল্টন ও তার সহযোগী তপু বিশ্বাস তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি তাদের দুই হাজার টাকা দেন। অবশিষ্ট ৪৮ হাজার টাকার জন্য মিল্টন তাকে চাপ দিতে থাকেন।
সোনাডাঙ্গা থানায় উপ-পরিদর্শক হাবিবুর রহমান তদন্ত শেষে ১৩ এপ্রিল মিল্টন ও তপুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.
bdnews24