ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দায়ের করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানির জন্য আগামী রোববার তারিখ ধার্য করেছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আদালতের নির্দেশনা চেয়ে মাসুদ রেজা সোবহান গত ২৪ জানুয়ারি হাইকোর্টে এই রিট আবেদন করেন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে 'যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না'- জানতে চেয়ে ২৭ জানুয়ারি রুল জারি করে হাইকোর্ট।
এছাড়া জাতীয় সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন না করাকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনের সচিব ও আইন সচিবের কাছে তার কারণ জানতে চায় আদালত।
রিটটির চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের পর ব্যারিস্টার সোবহানের আইনজীবী সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা রিটটির ওপর চূড়ান্ত শুনানির জন্য আবেদন করেছিলাম। হাইকোর্ট রোববার দিন ধার্য করেছে।"
এর আগে গত ২ মার্চ বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রিটটির ওপর চূড়ান্ত শুনানির জন্য ১৯ মার্চ তারিখ ধার্য করেছিলেন।
কিন্তু গত ১৭ মার্চ প্রধান বিচারপতি রিট শুনানির ক্ষমতা পরিবর্তন করে বিচারপতি নাঈমকে অন্য দায়িত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৭২০ঘ.
bdnews24