ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকার ভাদুঘর ভূইয়া স্টিল কোং এর পেছনে একটি ধানের জমি থেকে মঙ্গলবার দুপুরে নয়টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে তাকে জানায় ভাদুঘর ভূঁইয়া স্টিল কোং এর পেছনের একটি ধানী জমির মধ্যে একটি ব্যাগে বোমার মত বস্তু দেখা যাচ্ছে। পরে যৌথবাহিনী দুপুর পৌনে দুইটার দিকে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের মধ্যে নয়টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি পাওয়া যায়।
র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মাজাহার জানান, সিলেট থেকে র্যাব-৯ এর বিষ্ফোরক বিশেষজ্ঞ ক্যাপ্টেন মঞ্জুর এলাহীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে বিকেল ৫টা থেকে কাজ শুরু করেন। তারা গ্রেনেডগুলো উদ্ধার করে ম্যাজিস্ট্রেট মামন মিয়ার উপস্থিতিতে নিষ্ক্রিয় করেন।
তিনি জানান, গত রোববার বিকেলে ভাদুঘর পৌর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে বোমা তৈরির সময় বিস্ফোরণ হলে র্যাব ও পুুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক অভিযান চালায়। অভিযানে ভীত হয়ে কেউ এগুলো ধানক্ষেতে ফেলে রাখতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24