২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাসের সাজা পেয়ে দু'বছর পর মুক্তি

সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশের কারাগারগুলোতে আটক আছে প্রায় তিনশ' বিদেশি বন্দি। মাত্র একমাসের সাজা পেয়ে দু'বছর কারাভোগ করেছেন এমন নজিরও রয়েছে। হাঙ্গেরির নাগরিক হাসটিং আবদুল্লাহ পাসপোর্ট আইন লঙ্ঘনের দায়ে একমাসের সাজা পেলেও প্রায় দু'বছর পর সম্প্রতি তিনি মুক্তি পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 10:28 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশের কারাগারগুলোতে আটক আছে প্রায় তিনশ' বিদেশি বন্দি। মাত্র একমাসের সাজা পেয়ে দু'বছর কারাভোগ করেছেন এমন নজিরও রয়েছে। হাঙ্গেরির নাগরিক হাসটিং আবদুল্লাহ পাসপোর্ট আইন লঙ্ঘনের দায়ে একমাসের সাজা পেলেও প্রায় দু'বছর পর সম্প্রতি তিনি মুক্তি পান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের কারাগারগুলোতে এখন প্রায় সাড়ে নয়শ' বিদেশি বন্দি আছে। এদের মধ্যে সাজার মেয়াদ শেষ হয়েছে ৩০২ জনের। ১০জন নারী বন্দিও আছে তাদের মধ্যে। মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি বন্দিদের ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেশে যোগাযোগ করা হলেও এ বিষয়ে সাড়া পাওয়া যাচ্ছে না। এজন্য তাদের মুক্তি পেতে দেরি হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশিরভাগ বিদেশি বন্দির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। কেউ কেউ মাদক পাচারের দায়েও দণ্ডিত। গোলাম হায়দার জানান, সর্বশেষ গত ১০ এপ্রিল হাঙ্গেরির নাগরিক হাসটিং আবদুল্লাহ কারাগার থেকে ছাড়া পেয়েছেন। পাসপোর্ট আইন লঙ্ঘনের দায়ে ২০০৬ সালের ২৭ এপ্রিল গাইবান্ধার একটি আদালত তাকে মাত্র একমাসের কারাদণ্ড দেন। এক প্রক্রিয়াগত জটিলতায় তিনি প্রায় দু'বছর কারাভোগ করেছেন। কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় সাজার মেয়াদ শেষ হওয়ার পরও কারাগারে আটক বিদেশি নাগরিকদের ছাড়া যাচ্ছে না। তিনি বলেন, "বিদেশি বন্দিদের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। তারা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে বন্দিকে ফেরত নেয়ার জন্য চিঠি দেয়।" জাকির হাসান জানান, চিঠি আদান প্রদানে অনেক সময় লেগে যায়। দীর্ঘ সময় পরও কোনো কোনো চিঠির জবাব আসে না। এসব কারণে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও বিদেশি বন্দিদের কারাগারে থাকতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ইএইচবি/এসএনডি/এমএ/১৬২০ঘ.