ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ভোরে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস সন্ধ্যা ৭টা ৫০মিনিটে জয়দেবপুর রেল স্টেশন অতিক্রম করেছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গাজীপুর প্রতিনিধি। ট্রেনটির সাড়ে আটটা নাগাদ ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছানোর কথা জানিয়েছেন সেখানকার স্টেশন মাস্টার।
কলকাতার মৈত্রীকে বরণ করে নিতে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনকে বর্ন্যাঢ্য সাজে সাজানো হয়েছে। পুরো স্টেশন ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। প্লাটফরমের যে অংশে ট্রেনটি দাঁড়াবে তার পুরোটাজুড়ে কর্পেট বিছানো হয়েছে এবং প্লাটফরম থেকে স্টেশনের গাড়ি বারান্দা পর্যন্ত লাল গালিচা বিছানো হয়েছে। মৈত্রীর আগমন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন মাহবুব।
ক্যান্টনমেন্ট স্টেশন মাস্টার এম এস জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে আটটার দিকে মৈত্রী ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে বলে আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ছয়টা বাজার ১০ মিনিট আগে ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপারের সয়দাবাদ স্টেশনে পৌঁছে। এখানে অল্প সময়ের নিরাপত্তার তল্লাশির পর ট্রেনটি আবার ঢাকার পথে ছেড়ে যায়।
সীমান্ত অতিক্রমের পূর্ব মূহুর্তে পশ্চিমবঙ্গে গেদে রেল স্টেশনে নিকটবর্তী রানাঘাটের আড়াংঘাটায় ট্রেনটিকে একদল বিক্ষুব্ধ জনতা ১৫ মিনিট অবরোধ করে রাখে। পরে অবরোধ উঠিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে গেদে সীমান্ত অতিক্রম করে ট্রেনটি।
কলকতা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আসার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চার দশকেরও বেশি সময় ধরে থমকে থাকা রেল যোগাযোগ পুনঃ স্থাপিত হলো। এর আগে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা ও কলকাতার মধ্যে ট্রেন যোগাযোগ ছিল।
এদিকে ঢাকা ছেড়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস বিকেল ৫টার দিকে কলকাতা অভিমুখে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে।
সকাল ৭টায় কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে রওনা দেয়। স্টেশনে ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকে বিদায় জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রনব মূর্খাজী। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেল মন্ত্রী লালু প্রসাদ যাদব, সেচ মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভূপাল কৃষ্ণ, রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আষাড়িয়া, সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য সীতারাম যেচুরি, ভারতে বাংলাদেশের হাইকমিশনার লিয়াকত আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
সকাল সাড়ে ১০টার দিকে মৈত্রী ট্রেনটি সীমান্তবর্তী গেদে স্টেশনের কাছাকাছি আড়াংঘাটার কাছে এলে একদল জনতা অবরোধ সৃষ্টি করে। নিখিলবঙ্গ নাগরিক সংঘ নামে একটি সংগঠনের কর্মীরা এই অবরোধ করে। তবে প্রায় ১৫ মিনিট বিক্ষোভ প্রদর্শনের পর অবরোধকারীরা তাদের কর্মসূচি তুলে নিলে ট্রেনটি নিরাপদে যাত্রা শুরু করে।
মৈত্রী ট্রেনে সরকারি প্রতিনিধিদল, সাংবাদিকসহ মোট ৬৫ জন যাত্রী ঢাকা আসছে। ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা ৩৬৮জন।
ট্রেনে আসা বিবিসির সাংবাদিক অমিতাভ ভট্টাশালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিকেল ৫টায় টেলিফোনে বলেন,'' মৈত্রী ট্রেনটি বাংলাদেশের ঈশ্বর্দী জংশনে পৌছাছে।''
একজন যাত্রী অভিযোগ করেন, সীমান্তে কাস্টমস ক্লিয়ারিং-এ দীর্ঘ বিলম্ব হয়েছে। মৈত্রী এক্সপ্রেসে চলার পথে নাশকতার আশঙ্কায় কড়া নিরাপত্তা ছিল।
১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর এ ভূখণ্ডের সঙ্গে ভারতের সরাসরি রেল চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার তিন দশক পর সেই রেল যোগাযোগ পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে ২০০৮ সালে এসে তা আলোর মুখ দেখলো। গত ১১ এপ্রিল রেল চলাচল শুরুর লক্ষ্যে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। সে অনুযায়ী বাংলা নতুন বছরের শুরুর দিন থেকে শুরু হয় মৈত্রীর চলাচল।
সাড়ে চারশরও বেশি যাত্রী নিয়ে সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। ১৪ ঘণ্টা পর এটি কলকাতা পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি ট্রেন ঢাকা-কলকাতা রুটে চলবে। প্রতি শনিবার একটি ট্রেন ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। একই দিন অপর ট্রেনটি কলকাতা থেকে ঢাকায় আসবে। এর ভাড়া সর্বনিু আট ডলার এবং সর্বোচ্চ ২০ ডলার।
বাংলাদেশ স্বাধীন হওয়ার দীর্ঘদিন পর গত ২০০১ সালের আওয়ামী লীগ সরকার কলকাতা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেয়। ওই সময় একটি পরীক্ষামূলক ট্রেনও চলে। ওই বছর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর ওই প্রক্রিয়া থমকে যায়।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের জুলাই মাসে ট্রেন চলাচল শুরুর লক্ষ্যে নতুন করে উদ্যোগ নেয়। তবে দুই দেশের মধ্যে মতভেদ দেখা দেয় যখন ভারত জিরোলাইন থেকে তার অংশে রেলপথে কাঁটাতারের খাঁচা নির্মাণের প্রস্তাব দেয়। বাংলাদেশের পক্ষ থেকে এতে আপত্তি জানানো হয়। পরে দুই দেশের কর্মকর্তাদের আলোচনায় সাব্যস্ত হয়, জিরোলাইনের ১৫০ মিটারের মধ্যে কোনও খাঁচা নির্মাণ করা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/পিসি/এসএম/জিএনএ/১৯২০ ঘ.
bdnews24