খুলনা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ ১৫ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার জেলা ও দায়রা জজ মো. শফিউদ্দিনের আদালতে এ মামলা দায়ের করেন খুলনা নাগরিক ফোরামের চেয়রপারসন শেখ আব্দুল কাইউম।
আদালত মামলাটি আমলে নিয়ে খুলনা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে।
অপর ১৪ আসামি হলেন- প্রাক্তন রেজিস্ট্রার ও বর্তমান পরিচালক (অর্থ ও হিসাব) খান মো. অলিয়ার রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সরাফত আলী, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) জাবেদ এলাহী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুবুস সোবাহান, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) শেখ মো. মোস্তাক আলী, ইংরেজির প্রভাষক মো. শাহজাহান কবির ও আব্দুর রহমান শাহীন, নির্বাহী প্রকৌশলী শেখ সাইফুল আলম বাদশা, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাজিম উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম, সেকশন অফিসার নুরুল ইসলাম সিদ্দিকী লাবলু, শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের পরিচালক মো. আফজালুর রহমান, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক এসএম আতিয়ার রহমান ও সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. রহমত আলী।
তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি সাধন, অবৈধভাবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, চাকরি বিধিমালা লঙ্ঘন, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১১৮ ঘ.
bdnews24