২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা হওয়ার ২৩ বছর পর রাজাকার গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের পরপরই নারায়ণগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সাত্তার এবং তার দুই সন্তান ও গৃহকর্মীকে হত্যার দায়ে সাজা হওয়ার ২৩ বছর পর রাজাকার মো. মুসলেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের পরপরই নারায়ণগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সাত্তার এবং তার দুই সন্তান ও গৃহকর্মীকে হত্যার দায়ে সাজা হওয়ার ২৩ বছর পর রাজাকার মো. মুসলেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯৭২ সালের ওই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৮৫ সালের নারায়ণগঞ্জের একটি আদালত মুসলেমসহ ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এদের মধ্যে আটজন সাজা ভোগ করলেও মুসলিম, রমজান ও মজিদ পলাতক ছিল। রূপগঞ্জ থানা পুলিশ মুসলেমকে গ্রেপ্তার করে গত শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার বিবরণে জানা যায়, ১৯৭২ সালের ১৫ জুন ভোররাতে আবদুস সাত্তারের মাছিমপুর গ্রামের বাড়ি ঘেরাও করে রাজাকাররা। তারা সাত্তার চেয়ারম্যান, তার ছেলে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, মেয়ে রওশন আরা ও গৃহভৃত্য সুরেশকে ধরে প্রথমে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এরপর চারজনকে গঙ্গাসাগর বিলে নিয়ে রামদা দিয়ে সবার গলা কেটে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়। ১৯৮৫ সালের ১৩ জুলাই নারায়ণগঞ্জের তৎকালীন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম আলী ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মুসলেম রাজাকার গ্রেপ্তার হওয়ার খবর শুনে নিহত সাত্তার চৌধুরীর মেয়ে অ্যাডভোকেট দেলোয়ারা চৌধুরী সোনিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের সময় তিনি ছিলেন চার/পাঁচ বছরের শিশু। ঘটনার দিন তিনি ও তার মা বাসায় ছিলেন না। তিনি জানান, তার ভাই নুরুজ্জামান চৌধুরী ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। তার পরিবারের সবাই মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশ নেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কারণেই এলাকার রাজাকাররা স্বাধীনতার পর পরই তার পরিবারের সদস্যদের হত্যা করে। ওই নৃশংস ঘটনার পর তার মা অসুস্থ হয়ে পড়ে মারা যান। পরে তাদের গ্রামের বাড়িটি দখল করে নেয় রাজাকার ও তাদের আত্মীয়রা। তিনি জানান, প্রাণভয়ে তারা এখনও মাছিমপুর গ্রামের বাড়িতে যান না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমএইচবি/২১৩০ ঘ.