২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে করতোয়া পত্রিকা ও ক্যালেন্ডার পুড়িয়ে এশিয়া এনার্জি বিরোধী বিক্ষোভ

দিনাজপুরে এশিয়া এনার্জির বিরুদ্ধে আন্দোলনকারী একদল কর্মী এশিয়া এনার্জির ক্যালেন্ডার ও দৈনিক করতোয়ার কপিতে অগ্নিসংযোগ করেছে। শনিবার করতোয়ার আয়োজিত জ্বালানি ও উত্তরাঞ্চল বিষয়ক একটি সেমিনারের খবর টেলিভিশনে প্রচারিত হওয়ার পর ফুলবাড়ীতে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে ক্ষুব্ধ কর্মীরা করতোয়া পত্রিকা পোড়ায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

দিনাজপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে এশিয়া এনার্জির বিরুদ্ধে আন্দোলনকারী একদল কর্মী এশিয়া এনার্জির ক্যালেন্ডার ও দৈনিক করতোয়ার কপিতে অগ্নিসংযোগ করেছে। (আরও তথ্যসহ) শনিবার করতোয়ার আয়োজিত জ্বালানি ও উত্তরাঞ্চল বিষয়ক একটি সেমিনারের খবর টেলিভিশনে প্রচারিত হওয়ার পর ফুলবাড়ীতে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে ক্ষুব্ধ কর্মীরা করতোয়া পত্রিকা পোড়ায়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে করতোয়া সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত "বাংলাদেশের জ্বালানিখাত ও উত্তরাঞ্চলের উন্নয়ন" শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম বক্তব্য রাখেন। কয়লা সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি তার বক্তব্যে জানান। রোববার বিকেলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে দৈনিক করতোয়া নিয়ে একটি গাড়ি ফুলবাড়ীর নিমতলা মোড়ে পত্রিকার বান্ডেল নামিয়ে রেখে যায়। এর পরই লোকজন ওই বান্ডেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা এশিয়া এনার্জির ক্যালেন্ডারও পোড়ায়। অবশ্য ঘটনার পর ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, করতোয়া পত্রিকাবাহী একটি গাড়ি ফুলবাড়ীতে পৌঁছালে নিমতলা মোড়ে বিক্ষুব্ধ লোকজন পত্রিকা ও এশিয়া এনার্জির ক্যালেন্ডার বের করে এনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিসংযোগের ঘটনায় তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সাবেক সদস্য সচিব এমএস নুরুজ্জামানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (নম্বর-৫০১) হয়েছে। সাধারণ ডায়েরিতে নুরুজ্জামানসহ অজ্ঞাতানামা ৩০জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। করতোয়ার ফুলবাড়ী প্রতিনিধি এসএম সাব্বির হোসেন বলেন, "পত্রিকার সঙ্গে এশিয়া এনার্জির ক্যালেন্ডার ছিল না।" ফুলবাড়ীর ঘটনার পর দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে কয়েকজন যুবক করতোয়ার কপিতে অগ্নিসংযোগ করে। করতোয়া পত্রিকায় অগ্নিসংযোগের ব্যাপারে জানতে চাইলে রক্ষা কমিটির সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর সঙ্গে কমিটির লোকজন জড়িত নয়। কাল রাতে (শনিবার) টেলিভিশনে করতোয়া আয়োজিত 'সংলাপ' অনুষ্ঠানের খবর দেখার পর ফুলবাড়ীর লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে রোববার এই ঘটনা ঘটেছে।" ফুলবাড়ী রক্ষার কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, "করতোয়া কর্তৃপক্ষ ফুলবাড়ীর মানুষের বিরুদ্ধে যে 'দালালিতে' নেমেছে তার প্রতীকী প্রতিবাদ হিসেবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।" তিনি বলেন, আগামীতে তারা (করতোয়া কর্তৃপক্ষ) যদি এ অবস্থান থেকে সরে না আসে তাহলে ফুলবাড়ীতে করতোয়া পত্রিকা ঢুকতে দেওয়া হবে না।" ফুলবাড়ীর বিষয়ে করতোয়া সম্পাদক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা ফুলবাড়ীবাসীর বিরুদ্ধে কোন কাজ করিনি। আমরা উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য একটি 'গোলটেবিল' বৈঠক করেছি। সেখানে ফুলবাড়ীর বিষয়ে কোন নেতিবাচক (নেগেটিভ) কথা বলা হয়নি। উত্তরাঞ্চলের কয়লাসহ সব বিষয়ে কথা হয়েছে। ফুলবাড়ীবাসীর কোন বক্তব্য থাকলে তারা বলতে পারে।" তিনি পত্রিকায় অগ্নিসংযোগের বিষয়টি জানেন না বলে জানান। দৈনিক করতোয়া আয়োজিত ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ দিনাজপুর উন্নয়ন ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আলী খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আতাউস সামাদ, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক মাহবুবউল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/১৯৩৬ ঘ.