মুন্সিগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকিশোরগঞ্জের কাছে ধলেশ্বরী নদীতে রোববার ভোরে মালবাহী একটি ট্রলার ডুবে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।
বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ওই ট্রলারটি ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ডুবে যাওয়ার সময় এফবি শাহীনূর নামের ওই ট্রলারটিতে মোট নয় জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জন ডুবে যায়। পরে ডুবুরীরা লাশ তিনটি উদ্ধার করে।
মৃতরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার দেবীদ্বার গ্রামের জাকির হোসেন (৪০) এবং নুরাবাদ গ্রামের ফারুক (২৫) ও জামাল (২৫)।
ট্রলারডুবির খবর পেয়ে জেলা প্রশাসক মনির উদ্দিন ঘটনাস্থলে যান। উদ্ধার করা লাশগুলো বাড়ি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
কাঠের তৈরি ট্রলারটি রোববার দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি। লঞ্চটি আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24