ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সন্ত্রাসীদের সঙ্গে যুক্তরাজ্যের সন্ত্রাসীদের সম্পর্ক রয়েছে এবং সন্ত্রাস দমনে যৌথ ওয়ার্কিং গ্র"প গঠন করা হবে- ঢাকা সফরকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথের- এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার এক বিবৃতিতে দলটি বলেছে, "যুক্তরাজ্যের মন্ত্রীর এ বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।"
বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে দেশে-বিদেশে যে অপপ্রচার চলছে, যুক্তরাজ্যের মন্ত্রীর বক্তব্যে তাই প্রতিফলিত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়, "আমরা মনে করি, এ অন্যায় ও ভিত্তিহীন বক্তব্য স্বীকার করে নেওয়ার অর্থ হল বাংলাদেশকে ব্যর্থ, অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার যে ষড়যন্ত্র চলছে তার ফাঁদে পা দেওয়া।"
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্যের মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ না করায় বিস্ময় প্রকাশ করেন কামারুজ্জামান।
গত ০৯ এপ্রিল বাংলাদেশ সফরকালে জ্যাকি স্মিথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, "যুক্তরাজ্য ও বাংলাদেশের সন্ত্রাসীদের মধ্যে যোগসূত্র আছে। সন্ত্রাস দমনে মাঠ পর্যায়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দুই দেশের মধ্যে আগামী জুন নাগাদ একটি যৌথ ওয়ার্কিং গ্র"প গঠন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১৭১২ ঘ.
bdnews24