২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা ভোগান্তির মধ্যে ঢাকায় বাদপড়ারা ভোটার হচ্ছেন

রাজধানীর মোহাম্মদপুরের শহিদুল হক তার অশীতিপর মাকে নিয়ে এসেছিলেন ভোটার তালিকাভুক্তির জন্য। কোনও পরিচয়পত্র আনেননি বলে তালিকায় মার নাম ওঠাতে পারেননি। পরে মার পাসপোর্ট যখন আনলেন তখন ভিড়ের চাপে কেন্দ্রেই ঢুকতে পারছিলেন না। লাইনে দাঁড়ানো হাবিবুর রহমান বললেন, "আমি একবার ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও ভোটার হতে পারিনি। এখন বাড়ি ভাড়ার রশিদ নিয়ে এসে লাইনে দাঁড়িয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের শহিদুল হক তার অশীতিপর মাকে নিয়ে এসেছিলেন ভোটার তালিকাভুক্তির জন্য। কোনও পরিচয়পত্র আনেননি বলে তালিকায় মার নাম ওঠাতে পারেননি। পরে মার পাসপোর্ট যখন আনলেন তখন ভিড়ের চাপে কেন্দ্রেই ঢুকতে পারছিলেন না। লাইনে দাঁড়ানো হাবিবুর রহমান বললেন, "আমি একবার ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও ভোটার হতে পারিনি। এখন বাড়ি ভাড়ার রশিদ নিয়ে এসে লাইনে দাঁড়িয়েছি।" দুপুর ১২টায় পিটি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় এ চিত্র। রাজধানীর ১৮টি কেন্দ্রে শুক্রবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকায় বাদপড়াদের তালিকাভুক্তি। এ কাজ চলবে টানা তিন দিন। তালিকাভুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় কী কী কাগজপত্র আনতে হবে তা অনেকেই জানে না। ফলে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে প্রচারে ঘাটতি ছিল না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরীর বাদ পড়া ভোটাররা অন্তত পাঁচটি শর্ত পূরণ করে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে ভোটার তালিকাভুক্ত হতে পারবেন। শর্তগুলো হচ্ছে- বয়স প্রমাণের জন্য যে কোনও ধরনের সনদপত্র বা পাসপোর্ট দেখানো, যে কোনও সেবা খাতের সনদপত্রের (পৌরকর, বিদ্যুৎ বা পানির বিল ইত্যাদি) কপি প্রদান, বাড়ি ভাড়ার রশিদ বা বাড়িওয়ালার ভোটার তালিকার পিন নম্বর অথবা ফোন নম্বর দেওয়া, যথাসময়ে ভোটার না হতে পারার সমর্থনে নথিপত্র উত্থাপন এবং সনাক্তকারী হিসেবে একজন পিন নম্বরধারী ভোটারকে নিবন্ধন কেন্দ্রে নিয়ে আসা। তবে বেশিরভাগই বিষয়গুলো জানেন না বলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অবশ্য নির্বাচন কর্মকর্তারা বলছেন, এক ব্যক্তির ক্ষেত্রে সব শর্ত প্রযোজ্য নয়। মোহাম্মদপুর শারীরিক প্রশিক্ষণ (পিটি) কলেজ কেন্দ্রে বেলা ১২ টার সময় গিয়ে দেখা যায়, প্রখর রোদের ভেতর হাজার হাজার নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন নিবন্ধনের জন্য। কেন্দ্রের বাইরেও শত শত মানুষের ভিড়। শহিদুল হক তার অশীতিপর মাকে নিয়ে কেন্দ্রেই ঢুকতে পারছিলেন না। বললেন, "সকালে একবার এসে ফিরে গিয়েছি। এখন আবার ওনার (মা) পাসপোর্টের ফটোকপি নিয়ে এসেছি।" একই এলাকার কাজী নজরুল ইসলাম রোডের বাসিন্দা গাড়িচালক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি একবার লাইন দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও ভোটার হতে পারিনি। এখন আবার বাড়ি ভাড়ার রশিদ নিয়ে এসে লাইনে দাঁড়িয়েছি।" আদাবরের বাসিন্দা আজমল হুদা পল্লব বলেন, "সকাল সাড়ে ৮ টা থেকে লাইনে দাঁড়িয়েও নিবন্ধন ফরম পাইনি।" তার মতে, যেহেতু কী কী আনতে হবে- তা অনেকেই জানে না, তাই কেন্দ্রে স্বেচ্ছাসেবক থাকা প্রয়োজন ছিল। পল্লব জানান, ভিড় দেখে তিনি তার বৃদ্ধ মা-বাবাকে বাসায় ফেরত পাঠিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদপুর ও আদাবর এলাকার কেন্দ্রগুলোতে প্রথম দফায় তালিকাভুক্তির সময় সরাসরি কেন্দ্রে নিবন্ধিত হওয়ার সুযোগ ছিল না। এ কারণে এখন মোহাম্মদপুর পিটি কলেজ কেন্দ্রে বাদপড়া ভোটারদের ব্যাপক ভিড় হয়েছে। এছাড়া শুক্রবার সরকারি ছুটির দিন এর একটি কারণ।" ফয়সাল কাদের জানান, তিনি সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরেও এমন ভিড় দেখেননি। বাদপড়া ভোটারদের কাগজপত্র বিষয়ক ভোগান্তির বিষয়টি তুললে এক্ষেত্রে প্রচারের কোনও ঘাটতি ছিল না বলে দাবি করেন তিনি। ফয়সল কাদের বলেন, "এটি আগে থেকেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোটারদের জানানো হয়েছে। এছাড়া এলাকাগুলোতে মাইকিংও হয়েছে।" ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় গত ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্র"য়ারি পর্যন্ত ভোটার তালিকা তৈরির কাজ চলে। নির্বাচন কমিশন জানিয়েছে, গত মাসে এক দফা বাদ পড়া ভোটারদের নিবন্ধিত করা হয়েছে। দ্বিতীয় দফায় শুক্র, শনি ও রোববার নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এরপর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সরকারি কর্মদিবসে ৯১১৬৯৭১ এবং ০১৭-৩০০২০৫০৪ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/১৫৫৮ ঘ.