বেনাপোল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস চেকপোষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় জাতীয় রাজস্ব বোর্ড এক কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৭২ একর জমির উপর দ্বিতল ভবনটি নির্মাণ করছে। ২৭০ দিনের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, যাত্রী সেবা ও ব্যবসায়িক সেবার মান বাড়াতে বেনাপোলে আন্তর্জাতিক চেকপোষ্ট ভবন তৈরি করা হচ্ছে। এতে যাত্রী ও আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নত সেবা পাবেন। ২০০৯ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বেনাপোল কাস্টমস কশিনার আব্দুল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- যশোরের জেলা প্রশাসক আবুয়াল হোসেন, যুগ্ম কমিশনার শওকত আলী, নির্বাহী প্রকৌশলী নিশিত চন্দ্র পাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি১৫২৫ ঘ.
bdnews24