কুমিল্লা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চৌদ্দগ্রাম উপজেলার হাড়ি সর্দার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন এক পরিবারের চার জনসহ ছয়জন। আহত হয়েছেন ২৫ জন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক নুরুল আমিন জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটানোর সময় বিপরীতমুখী মাইক্রোবাসটির সঙ্গে এর সংঘর্ষ হয়। দুঘটনায় মাইক্রোবাসটি চুরমার হয়ে যায়। এটি ঢাকা যাচ্ছিল।
দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী ফজলুল হক, তার শিশুপুত্র, দুই ভাতিজা এবং চালক মারা গেছেন। এদের মধ্যে ফজলুল হক, তার এক ভাতিজা ও গাড়িচালক আহসান (২৫) ঘটনাস্থলেই মারা যান। ফজলুল হকের ছেলে আশিক ও অপর ভাতিজাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর মারা যায়। মাইক্রোবাসের চালকের সহকারী কাউসার (১৯) মারা গেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপালে।
উপ-পরিদর্শক নুরুল আমিন জানান, ফজলুল হক তার সৌদি আরব প্রবাসী ভাই হারেছ মিয়াকে আনতে ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। ফজলুল হকের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মোকরা গ্রামে।
দুর্ঘটনায় ২৫ জন বাস যাত্রীও আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৬২৬ ঘ.
bdnews24