ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়ি ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে পশ্চিম যাত্রাবাড়ির একটি বাসা থেকে জিয়াউদ্দিন (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
উপ পরিদর্শক আমিরুল জানান, জিয়াউদ্দিন ওই বাসায় একাই থাকতেন। বৃহস্পতিবার সকালে গৃহপরিচারিকা বাসায় এসে দরজা খোলা পায়। ভেতরে ঢুকে জিয়াউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে সে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, আমিরুল একজন হেরোইনসেবী।
বুধবার রাত ১২টার পর কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে আমবাগিচার লালমিয়া হাজির বাড়ির পেছনে একটি পরিত্যক্ত টয়লেট থেকে শাহজাহান (৩০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে।
মঙ্গলবার রাতে স্ত্রী মোমেনা বেগমকে নিয়ে আমবাগিচার বাসায় ফেরার পথে বউ বাজার এলাকা থেকে তিন যুবক তাকে ডেকে নিয়ে যায়। স্ত্রীকে বাসায় যেতে বলে ওই যুবকদের সঙ্গে চলে যায় শাহজাহান।
পরে বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত টয়লেট থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্লাষ্টিকের বস্তায় শাহজাহানের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/২২৪৪ ঘ.
bdnews24