ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় বুধবার রাতে নরসিংদীর বেলাব উপজেলাতে ছয়জন ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে দু'জনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি জানান, পটকা মাছ খেয়ে বুধবার রাতে বেলাব উপজেলার আমলাব সাহাপাড়া, বটেশ্বর ও চর কাশিম নগর গ্রামে ছয়জনের মৃত্যু ও মাছ বিক্রেতাসহ ৩২ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। (পটকা মাছ খেয়ে মৃত্যুর কারণসহ)
মৃতরা হলেন- আমলাব গ্রামের মনির হোসেন খন্দকার (৬০), তার স্ত্রী হাজেরা বেগম (৫০) ও তাদের ছেলে শাহাদউল্লা (৩০), বটেশ্বর গ্রামের মুক্তিযোদ্ধা কেরামত আলী (৩৫) ও তার ছেলে বউ আফরোজা (২২) এবং চর কাশিম নগর গ্রামের হাছেন আলীর স্ত্রী আয়েশা বেগম (৪৫)।
বেলাব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোসাদ্দেক জানান, স্থানীয় বিন্নাবাইদ গ্রামের ছলিম উদ্দিনের কাছ থেকে মাছ কিনে রান্না করে খাওয়ার পর আমলাব, বটেশ্বর ও চর কাশিম নগর গ্রামের ৩৮ জন বিষক্রিয়ায় আক্রান্ত হন। তাদের মধ্যে ওই ছয়জন বাড়িতেই মারা যান।
আক্রান্ত বাকী ৩২ জনকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে স্বর্ণালী, শাওন, জাহেরা, হাসিনা ও মাছ বিক্রেতা ছলিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।
আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রতন জানান, পটকা মাছের ফেলে দেওয়া চামড়া খেয়ে কিছু কাক, বিড়াল ও কুকুরও মারা গেছে।
এ ব্যাপারে বেলাব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোসাদ্দেক এর নেতৃত্বে নয় সদস্যের একটি চিকিৎসক দল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কুলিয়ার চরে পটকা মাছ খেয়ে বুধবার রাতে বাবা বীরেন্দ্র দাস (৪০) ও মেয়ে তৃষার (৬) মৃত্যু হয়েছে এবং মা নন্দা রাণী দাসের অবস্থা আশঙ্কাজনক।
কুলিয়ার চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক কাওসার আলী মিয়া বলেন, বুধবার বিকেলে কুলিয়ার চর মাছের আড়ত থেকে স্থানীয় বাসিন্দা বীরেন্দ্র দাস পটকা মাছ কিনে বাড়িতে নিয়ে যান। রাতে ওই মাছ খাওয়ার পর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে প্রথমে তৃষা ও পরে বীরেন্দ্র দাস মারা যান।
ন্যাশনাল জিয়োগ্রাফিক সোসাইটির ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রায় সব জাতের পটকা মাছে থাকে টেট্্েরাডটক্সিন নামে মারাত্মক বিষ। সায়ানাইডের চেয়েও তা ১২ শ গুণ বেশি বিষাক্ত। একটি পটকা মাছে যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে ৩০ জন মানুষ হত্যা করা সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/এমএইচবি/২৩৫২ ঘ.
bdnews24