চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১৫ বছর আগে করা একটি ক্ষতিপূরণ মামলায় চট্টগ্রাম শুল্ক বিভাগের তিনটি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতের নির্দেশে নেজারত শাখার কর্মকর্তারা সোনালী ব্যাংক শুল্ক ভবন শাখার এই তিনটি হিসাব জব্দ করেন।
ওইদিন শুল্ক কমিশনার কার্যালয়ের মালামাল ক্রোক করার আদেশ থাকলেও তারা জাতীয় রাজস্ব বোর্ডের সভার জন্য ঢাকায় অবস্থান করায় তা করা করা যায়নি। আগামী রোববার মালামাল ক্রোক করা হবে বলে বাদী পক্ষের আইনজীবী প্রবীর ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
১৯৮৭ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে চোরাই পণ্য পরিবহনের অভিযোগে সমরজিৎ-১ ও সমরজিৎ-২ নামে দুটি মাছ ধরার ট্রলার আটক করে নৌ নিরাপত্তা রক্ষীরা শুল্ক বিভাগের অনুকূলে জব্দ করে। এ ঘটনায় বন্দর থানায় ট্রলার মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়া ১৯৯২ সালের ১৫ আগস্ট ট্রলার মালিক ও জেলেরা মামলা থেকে অব্যাহতি পান।
ট্রলার মালিক বিজয় কৈবর্ত্য কৃষ্ণ দাশ ১৯৯৩ সালের ২০ মে ট্রলার দুটি ফিরে পেতে আইনি লড়াই শুরু করেন। এর মধ্যে শুল্ক বিভাগের হেফাজতে থাকা ট্রলার দুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় গত বছরের ২৮ ফেব্র"য়ারি চট্টগ্রামের যুগ্ম জেলা জজ এ কে এম শামসুল আলম ট্রলার মালিককে ক্ষতিপূরণ দিতে শুল্ক কমিশনারকে নির্দেশ (ডিক্রি) দেন।
ওই নির্দেশে দুটি ট্রলারের বিপরীতে ক্ষতিপূরণ হিসেবে ৬০ লাখ ৪৬ হাজার ৬৭৬ টাকা ৬০ দিনের মধ্যে সুদসহ দেওয়ার জন্য বলা হয়।
নির্ধারিত সময়ের পরও ক্ষতিপূরণ না পেয়ে বাদী পরবর্তীতে অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত শুল্ক কমিশনারের বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা জারি করেন।
বাদী পক্ষের আইনজীবী প্রবীর ধর জানান, বৃহস্পতিবার নেজারত শাখার মাধ্যমে আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা মালামাল ক্রোক করতে শুল্ক ভবনে যান। কিন্তু শুল্ক কমিশনার মো. নাছির উদ্দিন (আমদানি) ও মারগুব মোর্শেদ (রপ্তানি) ঢাকায় থাকায় তাদের কার্যালয়ের মালামাল ক্রোক করা যায়নি। তবে সোনালী ব্যাংক শুল্ক ভবন শাখায় কাস্টম কমিশনারদের নামে থাকা ৩টি হিসাব জব্দ করা হয়েছে।
তিনি জানান, শুল্ক বিভাগকে দুই ভাগ করায় দুজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। ফলে কোন কমিশনারের মালামাল ক্রোক হবে তা নিয়েও কিছু জটিলতা দেখা দিয়েছে। আগামী রোববার এসব বিষয় সুরাহা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24