ঢাকা,এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছরের শেষ দিকে দেশের ১১টি কারাগারে বন্দিদের আঙুলের ছাপ দেখে চিহ্নিত করার প্রযুক্তি চালু করছে সরকার। এ সময়ের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের সঙ্গে ওই কারাগারগুলোর কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন করা হবে।
বন্দিদের যাবতীয় তথ্যসহ তারা কখন আদালতে যাবে, কখন ফিরবে, কার সঙ্গে দেখা করবে- এসব তথ্যও সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সন্মেলন কক্ষে কারা ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি সংক্রান্ত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালার প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য এ এম এম নাসির উদ্দিন বলেন, "কারাগারগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার উদ্যোগ প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বলেন, "বর্তমানে যে পদ্ধতিতে কারাগারগুলো চলছে তাতে যোগাযোগের জন্য অনেক সময় নষ্ট হয়। কম্পিউটার নেটওয়ার্ক হলে কাজ অনেক সহজ হয়ে যাবে।"
অনুষ্ঠানের শুরুতেই প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ১১টি কারাগারকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে ব্যয় ধরা হয়েছে প্রায় ছয় কোটি টাকা। এ জন্য ইনফরমেশন ইঞ্জিনিয়ারস অ্যান্ড করসালটেন্ট বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে সফটওয়্যার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষে সফটওয়্যার প্রকল্প ব্যবস্থাপক ইফতেখার আমিন বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্দিদের আঙুলের ছাপ সংরক্ষণ। ১১টি কারাগারের সব বন্দির আঙুলের ছাপ সংরক্ষণ করা হবে এবং আদালতে হাজিরা দিতে বা অন্য কোনো কারণে কারাগারের বাইরে গেলে ভেতরে ঢোকার আগে তাদের আঙুলের ছাপ পরীক্ষা করা হবে। জামিন পাওয়া বন্দিদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।"
বিযিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এএল/জেকে/এমএ/১৭৫২ঘ.
bdnews24