২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে পুলিশের সঙ্গে ছাত্র মজলিশের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত

রাজধানীতে পল্টন এলাকায় বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে একটি ইসলামী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা,এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পল্টন এলাকায় বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে একটি ইসলামী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী ফিরোজ আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে ইসলামী ছাত্র মজলিশ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাবার পথে পুলিশ বাধা দেয়। এ সময় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এক পর্যায়ে তারা পুলিশের উপর চড়াও হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। বায়তুল মোকাররম মার্কেটও কিছুক্ষণ বন্ধ থাকে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ উভয়পক্ষের প্রায় অর্ধশত আহত হয়েছে। এ ছাড়া বিক্ষুব্ধরা পুলিশের দুটি মোটর সাইকেলও পুড়িয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলএইচ/এমইউএ/এএল/এমএ/১৬৩০ঘ.