২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের রায়ে বিএনপি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে: দেলোয়ার

বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে খালেদা জিয়ার রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিএনপি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 08:21 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে খালেদা জিয়ার রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিএনপি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। বৃহস্পতিবার রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের পর খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তার বাসায় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে মূলধারার বিএনপি বঞ্চিত হয়েছে।" খোন্দকার দেলোয়ার আরও বলেন, "যেহেতু রিট আবেদনটি খালেদা জিয়া নিজেই করেছেন তাই তার সঙ্গে আলোচনা করে আইনজীবীদের পরামর্শ নিয়ে মামলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি দলীয় নেতাকর্মীদের খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দেলোয়ার হোসেন অভিযোগ করেন, "আমি আগেই বলেছি বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যা কিছুই এ পর্যন্ত ঘটেছে তা ওই ষড়যন্ত্রের নীলনকশারই অংশ। কিন্তু দেশের মানুষ সচেতন, তারা এই ষড়যন্ত্রের জবাব দেবে।" এ সময় আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শিরিন সুলতানা, হাবিবুন নবী খান সোহেল ও শাহজাহান মিয়া সম্রাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমএ/১৪১৬ঘ.