ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি বৃহস্পতিবার ঢাকা পৌঁছেছেন। বেলা সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
বিমান বন্দরে মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করতে পেরে আমি সম্মানবোধ করছি।"
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দৃঢ় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আমি বাংলাদেশ ও তার জনগণ সম্পর্কে জানতে এবং বাংলাদেশীরাও যাতে যুক্তরাষ্ট্রকে ভালভাবে বুঝতে পারে সেজন্য তাদের সহযোগিতা করতে আগ্রহী।"
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর মরিয়ার্টিকে রাষ্ট্রদূত মনোনীত করেন। এ বছরের ১৩ মার্চ যুক্তরাষ্ট্র সিনেট রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনয়ন দেয়। ২৬ মার্চ পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস ওয়াশিংটনে তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত জেমস মরিয়ার্টি নেপালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
তিনি ইতিহাসে সম্মাননাসহ স্নাতক। বাংলা, চীনা, নেপালি, উর্দু ও ফরাসি ভাষায় কথা বলার দক্ষতা আছে তার।
বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম/কেআরসি/আরএ/এসকে/১২৫৯ঘ.
bdnews24