২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ঘোষণাপত্র জারির দিন

বাংলাদেশের নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসে যে দিনগুলো বিশেষভাবে স্মরণীয় ১০ই এপ্রিল তাদের অন্যতম। এদিন নির্বাচিত গণপ্রতিনিধিরা স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:07 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসে যে দিনগুলো বিশেষভাবে স্মরণীয় ১০ই এপ্রিল তাদের অন্যতম। এদিন নির্বাচিত গণপ্রতিনিধিরা স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঘোষণা দেন। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদের নাম ঘোষণা করা হয়। তবে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় ১৭ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার পরিচিত হয়ে ওঠে 'মুজিবনগর সরকার' হিসেবে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদরাই এদিন 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামের নতুন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছিলেন। নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এ সরকারের নেতৃত্বেই। দেশ স্বাধীন হওয়ার পর যে সংবিধান প্রণীত হয় তার ভিত্তি ছিল এ ঘোষণাপত্র। ১০ এপ্রিলের ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণাকে বৈধতা দেওয়া হয়েছে। এ কারণেই ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে বাংলাদেশ স্বাধীন বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১০৫৮ঘ.