ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগে বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় লোকজনের হামলায় পুলিশ ও ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) অন্তত ১৫ কর্মী আহত হয়েছেন। এসময় জনতা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটকেও লাঞ্ছিত করে।
বিকেল ৪টার দিকে লালবাগ ইসলামবাগের এরশাদ কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
লালবাগ থানার উপ-পরিদর্শক নাসির হোসেন জানান, ম্যাজিস্ট্রেট ৯ পুলিশসহ সিটি কর্পোরেশনের ২৫/৩০ জন কর্মী নিয়ে রাস্তার পাশের দোকান ও ঘর উচ্ছেদ শুরু করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। করপোরেশনের কর্মীরা তারপরও অভিযান চালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার মারমুখি হয়ে ওঠে।
নাসির হোসেন জানান, স্থানীয়রা প্রথমে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। পরে তারা লাঠি হাতে করপোরেশনের কর্মীদের ওপর চড়াও হয়। এ সময় ঢিলের আঘাতে দাঙ্গ পুলিশের উপ পরিদর্শক হারুন অর রশীদ ও কনস্টেবল এনামুল হকের মাথা ফেটে যায়। কর্তব্যরত ৯ পুলিশের সবাই কমবেশি আহত হন। এক পর্যায়ে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটকেও লাঞ্ছিত করে জনতা।
সব মিলিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানান তিনি।
জনরোষ থেকে রক্ষা পেতে পরে করপোরেশনের কর্মীরা ইসলামবাগ কোয়র্টারে গিয়ে আশ্রয় নেয়। সেখানে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকার পর পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।
উপ-পরিদর্শক নাসির বলেন, "স্থানীয় কমিশনার অবৈধ স্থাপনা বসিয়ে তা থেকে ভাড়া তুলতো। সেগুলো রক্ষার জন্যই সে লোকজনকে লেলিয়ে দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24