সাভার (ঢাকা), এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনে মঙ্গলবার একটি কারখানা ভাংচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় কয়েক জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সংখ্যক শ্রমিককে আসামি করা হয়েছে।
হামলা ও ভাংচুরে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক্সপ্রিয়ান্স ক্লথিং কোম্পানি নামে ওই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ।
বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকরা মঙ্গলবার এক্সপ্রিয়ান্স ক্লোথিং কারখানা এবং ক্যান্টিনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে পুলিশ ও শ্রমিকসহ প্রায় অর্ধশত আহত হয়।
ওই ঘটনায় আশুলিয়া থানার আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবদুল আলীম এবং এক্সপ্রিয়ান্স ক্লথিং কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) আরিফ মোহাম্মদ খালিদ বাদি হয়ে বুধবার আশুলিয়া থানায় মামলা দুটি দায়ের করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে কুলসুম বেগম ও মাহবুবুর রহমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম আরও জানান, মামলায় শানু, জাহাঙ্গীর আলম, হাবিব, কুলসুম বেগম, হেলাল, সুমি আক্তার, আলাউদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড় থেকে দুই হাজার জনকে আসামি করা করা হয়েছে।
কারাখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ২৫ জন শ্রমিককে আসামি করা হয়েছে বলে ওই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক দেওয়ান কৌশিক আহমেদ জানান।
তিনি বলেন, হামলা ও ভাংচুরে কারখানার দুই কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই মামলায় অভিযোগ করা হয়েছে।
বুধবার সকালে কারখানার মুল ফটকের সামনে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, "অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হল। খোলার তারিখ পরবর্তীতে নোটিসের মাধ্যমে জানানো হবে"।
এ বিষয়ে কারখানার কোনও কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০১৫ ঘ.
bdnews24