২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সঙ্কটই এখন জাতীয় সঙ্কট: ইনু

"খাদ্য সঙ্কটই এখন জাতীয় সঙ্কট" মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সঙ্কট সমাধানের আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "খাদ্য সঙ্কটই এখন জাতীয় সঙ্কট" মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সঙ্কট সমাধানের আহ্বান জানান। বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে 'বর্তমান খাদ্য পরিস্থিতি' নিয়ে জাসদ কার্যকরী কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ইনু বলেন, "দেশ এরকম বিপর্যস্ত কখনও ছিলনা। বর্তমানে দেশে নানা ধরনের সঙ্কট বিরাজ করছে। খাদ্য সঙ্কটই এখন জাতীয় সঙ্কট। সরকারকে অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সঙ্কট সমাধানকে প্রাধান্য দিতে হবে।" খাদ্য সঙ্কট মোকাবেলার জন্য সরকার বিনা শর্তে বিদেশি দাতাদের কাছে অনুদান চাইতে পারে, রাজস্ব ব্যয় কাটছাট করে খাদ্যের জন্য বরাদ্দ দিতে পারে অথবা প্রয়োজনে ব্যাংকের মজুদ ব্যয় করে হলেও খাদ্য সঙ্কট দূর করার পদক্ষেপ নিতে পারে বলে সরকারকে পরামর্শ দেন ইনু। এজন্য এবারের বাজেটে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। প্যারোলে শেখ হাসিনার মুক্তি দাবি করে হাসানুল হক ইনু বলেন, "জলিলকে যেভাবে প্যারোলে মুক্তি বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শেখ হাসিনাকেও সেভাবে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক।" ইনু অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ লিখিত বক্তব্যে বলেন, 'নীরব দুর্ভিক্ষ', 'গোপন বুভুক্ষাবস্থা' যে ভাষাই ব্যবহার করা হোক না কেন দেশে এখন চরম খাদ্য সঙ্কট চলছে। 'একজন মানুষকেও খাদ্যের অভাবে মরতে দেব না'- যে কোন মূল্যে খাদ্য সঙ্কট মোকাবেলা করবো' সমস্ত জাতিকে আজ এই শপথে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। খাদ্য সঙ্কট পরিস্থিতি উত্তরণের জন্য জাসদ ভিজিএফ-ভিজিডি কার্ড সংখ্যা বাড়িয়ে আগামী দেড় মাস হতদরিদ্রদের জন্য চাল-গম বিতরণ করা, দুর্নীতিবাজদের কাছ থেকে বাজেয়াপ্ত অর্থ খাদ্যের জন্য ব্যয় করা, সরকার ঘোষিত ৫০ হাজার নারী শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ওএমএস ও ন্যায্য মূল্যের দোকানের সংখ্যা বৃদ্ধি করা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী জোরদার, রেশনিং ব্যবস্থা চালু করার প্রস্তাব দেয়। সংবাদ সম্মেলনে জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, মহানগর সভাপতি মীর হোসেন আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমএআর/এমএ/১৮২৭ঘ.