ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ দাবি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব কামরুল ইসলাম সিদ্দিকীসহ তিনজনের নাম ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে এর বিরুদ্ধে 'না-রাজী' দরখাস্ত দিয়েছেন মামলার বাদি আবদুস শুকুর প্রধান।
আবদুস শুকুর প্রধান অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা তার বক্তব্য সঠিকভাবে না নিয়েই প্রতিবেদন আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এ বিষয়ে তার বক্তব্য শুনলেও কোনো আদেশ দেননি।
এ মামলার অন্য দুই আসামি হলেন, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান মোল্লা ও গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব ও ম্যাজিস্ট্রেট খিজির আহমেদ।
বাদির অভিযোগ, তদন্ত কর্মকর্তা তার বক্তব্য সঠিকভাবে গ্রহণ না করে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করেই তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্তদের অব্যাহতি দেওয়া হয়।
বাদির আইনজীবী মো. বদিউজ্জামান বদিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আসামিদের দিয়ে প্রভাবিত হয়ে অন্যায়ভাবে ওই পুলিশ কর্মকর্তা তাদের অব্যহতি দিয়ে প্রতিবেদন দাখিল করেছেন। অথচ এ মামলায় বাদিপক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ রয়েছে।"
বাদি আবদুস শুকুর প্রধান এজাহারে উল্লেখ করেন, বাণিজ্যিক প্লট বাতিল করার হুমকি দিয়ে ওই তিনজন বাদিসহ আরো ১৩ জনের কাছে এককালীন ৫০ লাখ টাকা ও পরবর্তীতে প্রতিমাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে। দাবি করা ঘুষ ও চাঁদা না দিলে সাত দিনের মধ্যে তাদের প্লট থেকে উচ্ছেদ করারও হুমকি দেওয়া হয়।
পরে ২০০১ সালের ২৮ জুন অভিযুক্তদের নির্দেশে বাদি ও তার লোকজনদের নোটিশ না দিয়ে তেজগাঁওয়ের ওই শিল্প প্লটে স্থাপিত মার্কেটের স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এএল/এমএ/১৬০৬ঘ.
bdnews24