ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার থেকে সময় মতো চাল না কেনায় সঙ্কট তৈরি হয়েছে বলে মনে করছে বিডিআর। তাদের আশঙ্কা, এবার বোরোর ভালো ফলনের হলেও চালের দাম খুব একটা কমবে না।
বিডিআর কার্যালয়ে বুধবার অপারেশন ডালভাত টাস্কফোর্স কমান্ডার কর্নেল মুজিবুল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, "সময় মতো যথেষ্ট পরিমাণ চাল কেনা উচিত ছিল। এটা না করাতে সঙ্কট সৃষ্টি হয়েছে।"
আগামী দু'তিন বছরে আন্তর্জাতিকভাবে খাদ্য সঙ্কট কমবে না জানিয়ে বিডিআরের এই সেক্টর কমান্ডার বলেন, "আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে। কৃষিতে উন্নয়ন করতে হবে। নির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।"
তিনি জানান, এবার গমের ফলন খুব ভালো হয়েছে। বোরো ফলনও ভালো হয়েছে। বোরো উঠলে চালের দাম কিছুটা কমবে। তবে তা খুব বেশি নয়।
কর্নেল মুজিবুল হক বলেন, বিডিআরের বিক্রয় কেন্দ্রে এখন চারটি লাইনে পণ্য বিক্রি চলছে। রাজধানীতে এখন ৫০টি বিক্রয় কেন্দ্র আছে। রোববারের মধ্যে নতুন ২৫টি চালু হবে। প্রয়োজনে বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরো বাড়বে।
বিডিআরের বিক্রয় কেন্দ্র থেকে সরবরাহ করা পণ্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই স্বীকার করে তিনি বলেন, "তবে বাজারের থেকে কম মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। সরকার আমাদের শুধু চালে ভতূর্কি দেয়। অন্য পণ্য বাজার থেকে কিনে বিক্রি করতে হয়।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "চেষ্টা করছি কেউ যেন দিনে দু'তিন বার পণ্য কিনতে না পারে। তবে শৃঙ্খলা রক্ষা করা খুবই কঠিন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিক্রয় কেন্দ্র খোলা থাকে। দ্রব্যের ঘাটতি নেই। বার বার আসার জন্য লাইন থেকে যাচ্ছে।"
অপারেশন ডালভাত কর্মসূচি চলছে গত বছরের মার্চ মাস থেকে। বিডিআর এর দাবি, গত এক বছরে তারা এক লাখ টনের বেশি চাল বিক্রি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৬৫৬ঘ.
bdnews24