ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির 'সংস্কারপন্থী' বলে পরিচিত অংশটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সরকারের উদ্যোগ ইতিবাচক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ বুধবার বলেছেন, "সংলাপে আমরা অংশ নেব।" একই সঙ্গে তিনি জানান, দলের অপর অংশকে সঙ্গে নিয়েই সংলাপে যেতে চান তারা।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আগে এর প্রস্তুতি নিয়ে আলোচনায় পাঁচ জন উপদেষ্টা গত সোমবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার বিএনপির দুই অংশের সঙ্গেও যোগাযোগ করেন উপদেষ্টারা। তবে বিএনপির অপর অংশের নেতা খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার জানিয়েছেন, দলীয় চেয়ারপার্সন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে কথা না বলে তারা সংলাপে বসবেন না।
হাফিজউদ্দিন আহমেদ বুধবার দুপুরে তার বনানীর বাসায় সাংবাদিকদের বলেন, "সরকার আমাদের সংলাপে বসার যে প্রস্তাব দিয়েছে, তাতে আমরা অংশ নেব।"
এ সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ও দেশের সঙ্কট উত্তরণ ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন তিনি।
তবে চেয়ারপার্সন কারাগারে থাকা অবস্থায় সংলাপের বসার বিষয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন, "চেয়ারপার্সন এখন কারাগারে। কারাবিধি অনুযায়ী কারা অন্তরীণ অবস্থায় রাজনীতি করা যায় না। কিন্তু এ জন্য সবকিছু থেমে থাকবে না। বিএনপি একটি বিশাল দল। সিনিয়র নেতারা আছেন। তাদের নিয়ে সংলাপ হবে।"
অবশ্য সংলাপের বিষয়ে চেয়াপার্সনের কাছ থেকে কোনও নির্দেশনা পেলে তা বিএনপির সংলাপে সহায়ক হবে বলে মন্তব্য করেন অস্থায়ী মহাসচিব।
তিনি জানান, সংলাপে বসার আগে দলীয় নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করে আলোচ্যসূচি প্রণয়ন করা হচ্ছে। সংলাপে দ্রব্যমূল্য, খাদ্য সঙ্কট, আইনি প্রক্রিয়ায় নেত্রীর মুক্তি, কালোটাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন, নির্বাচন নিয়ে সংশয় দূর করতে আগাম তফসিল ঘোষণা, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ইত্যাদি বিষয়গুলোকে তারা প্রাধান্য দেবেন।
নির্বাচন কমিশনের চিঠি সংক্রান্ত হাইকোর্টে মামলার রায় সম্পর্কে হাফিজউদ্দিন বলেন, "কাল (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের চিঠি সংক্রান্ত মামলার রায় হবে। রায় আমাদের পক্ষে হলে আমরা দুই স্রোতধারাকে ঐক্যবদ্ধ করে সংলাপে যেতে চাই।"
অপর অংশের নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি ইঙ্গিত করে হাফিজউদ্দিন বলেন, "তাদেরও বলব, জাতীয়তাবাদী শিবিরকে শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির এক হয়ে সংলাপে যাওয়া উচিৎ। খোন্দকার দেলোয়ার, হান্নান শাহকে নিয়েই সরকারের সঙ্গে আলোচনায় যেতে চাই আমরা।"
খালেদা জিয়ার বিরুদ্ধে কোনও বিশ্বাসযোগ্য মামলা নেই দাবি করে বিএনপির 'সংস্কারপন্থী' বলেন, "আমরা চাই, তিনি আইনি প্রক্রিয়া সুবিচার পেয়ে মুক্ত হয়ে দলের হাল ধরবেন।"
'সংকারপন্থী' অংশকে 'সরকারি বিএনপি' বলে খোন্দকার দেলোয়ারের অভিযোগের জবাবে মেজর হাফিজ বলেন, "এ রকম মন্তব্য দুর্ভাগ্যজনক। দলের প্রতিষ্ঠাতা সদস্যদের এক জন সাইফুর রহমান সাহেব। আরও অনেক সিনিয়র নেতাসহ ১০২ জন সাবেক সংসদ সদস্য আমাদের সঙ্গে আছেন। তাদের যদি বলা হয়, ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসা, তা খুবই দুর্ভাগ্যজনক।"
বুধবার সকালে খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ফ্যাক্টরি থেকে সাইফুর রহমান ও মেজর হাফিজকে তৈরি করে 'সরকারি বিএনপি' বানানো হয়েছে।
সাংবাদিকদেরর সঙ্গে কথা বলার সময় হাফিজউদ্দিনের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেড এ খান, এম এ হাকিম, সাবেক সাংসদ নাজির হোসেন, ডা. জিয়াউল হক মোল্লা, জহিরউদ্দিন স্বপন, মাসুদ অরুণ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৬২৭ঘ.
bdnews24