চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, "দেশ বর্তমানে নানা প্রকার নেতিবাচক ভাবমূর্তিতে আক্রান্ত। প্রয়াত ত্যাগী মানুষদের জীবনাচরণ থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যাবার পথ খুঁজতে হবে।"
তিনি বলেন, "দেশের অগ্রগতি শুধুমাত্র অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক সূচকের ওপরও নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশে অগ্রযাত্রার সূচনা হয়েছে। এর জন্য দেশের প্রচলিত ও অপ্রচলিত উভয় সূচক বিবেচনায় রাখতে হবে।"
মঙ্গলবার চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত দৈনিক পূর্বকোণ লিমিটেডের প্রয়াত চেয়ারম্যান ইউসুফ চৌধুরীর 'জীবন, কর্ম ও দর্শন' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।
তিনি বলেন, "ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রয়াত ত্যাগী মানুষদের শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে দেশের স্বার্থে নিজেদের কর্মকাণ্ডের দিকেও মনোযোগী হতে হবে। এভাবেই ইউসুফ চৌধুরীর মত কর্মবীরদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।"
প্রয়াত ইউসুফ চৌধুরীর স্মরণে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মাণ একটি ছাত্রাবাসের নামকরণ করা হবে বলেও উপদেষ্টা সেমিনারে ঘোষণা দেন।
রাউজান ক্লাব ও আইয়ুব-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন শিল্পপতি ফেরদৌস খান আলমগীর। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক এবিএম মূসা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সুব্রত ভট্টাচার্য, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সম্পাদক রুশো মাহমুদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক রিয়াজ হায়দার। বক্তারা চট্টগ্রামের সংবাদপত্র শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রগতিতে প্রয়াত ইউসুফ চৌধুরীর অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন।
বিকেলে উপদেষ্টা নগরীর টাইগার পাস এলাকায় ইউসুফ চৌধুরীর নামে একটি সড়কের ফলক উন্মোচন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24