ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অপরাধ স্বীকার করার মাধ্যমে ক্ষমার ব্যবস্থা করার জন্য প্রস্তাবিত ট্রুথ কমিশনের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যাতে কোনো দ্বন্দ্ব তৈরি না হয় সেজন্য ট্রুথ কমিশনের খসড়া আইনের কয়েকটি ধারা সুস্পষ্ট করার সুপরিশ করেছে দুদক। সংস্থাটি আইন মন্ত্রণালয়ে এ সুপারিশ করে চিঠি পাঠিয়েছে।
মঙ্গলবার বিকেলে অফিস শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল।
তিনি বলেন, "ট্রুথ কমিশনের কার্যক্রমে দুদক আইন, আয়কর অধ্যাদেশ বা মানি লণ্ডারিং (টাকা পাচার) আইনের মধ্যে কোন ধারা অনুসরণ করা হবে তা স্পষ্ট করতে হবে। কেননা এ আইনগুলোতে সাজা বা জরিমানা বেশি হলে অপরাধীরা ট্রুথ কমিশনের সুবিধাই নেবেন।"
তিনি বলেন, মানি লণ্ডারিং এর মত 'গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর' বিষয়ে অপরাধীরা ট্রুথ কমিশনের সুবিধা পাবেন কি না এ বিষয়ে অবশ্যই স্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। কারণ এর সঙ্গে কোটি কোটি টাকা পাচারের বিষয়টি জড়িত।
ট্রুথ কমিশনের একটা সুনির্দিষ্ট সময়সীমা থাকতে হবে মন্তব্য করে হানিফ ইকবাল বলেন, ছয় মাস না কি এক বছর তা আইনে উল্লেখ করতে হবে।
তিনি আরও বলেন, যারা ট্রুথ কমিশনে আবেদন করেও সে সুবিধা পাবেন না তাদের বিরুদ্ধে পরবর্তীতে দুদক বা জাতীয় রাজস্ব বোর্ড কোনো ব্যবস্থা নিতে পারবে কি না তা-ও স্পষ্ট করতে হবে।
ট্রুথ কমিশনে দোষী সাব্যস্তদের শাস্তির সমতা প্রসঙ্গে দুদক মহাপরিচালক বলেন, রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী এবং অন্য সব পেশার মানুষকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সমতা থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০৩৪ঘ.
bdnews24