২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ঢাকা-কলকাতা ট্রেন চলাচল চুক্তি হতে পারে

আগামী বৃহস্পতিবারের আগে ঢাকা-কলকাতা ট্রেন চলাচল চুক্তি স্বাক্ষর হচ্ছে না। ১০ এপ্রিল রাত বা ১১ তারিখ সকালে এ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ইসমাইল। এটিকেএম ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "ঢাকা-কলকাতা রেল চলাচল চুক্তি আগামী ১০ এপ্রিলের আগে হচ্ছে না। ভারত সরকার চুক্তির অনুমোদন দেওয়ার পর ১০ এপ্রিল রাতে বা ১১ তারিখ সকালে চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বৃহস্পতিবারের আগে ঢাকা-কলকাতা ট্রেন চলাচল চুক্তি স্বাক্ষর হচ্ছে না। ১০ এপ্রিল রাত বা ১১ তারিখ সকালে এ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ইসমাইল। এটিকেএম ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "ঢাকা-কলকাতা রেল চলাচল চুক্তি আগামী ১০ এপ্রিলের আগে হচ্ছে না। ভারত সরকার চুক্তির অনুমোদন দেওয়ার পর ১০ এপ্রিল রাতে বা ১১ তারিখ সকালে চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।" তিনি জানান, বাংলাদেশেই এ চুক্তি হবে। বাংলাদেশের পক্ষে যুগ্ম সচিব (রেল) এবং ভারতের পক্ষে ভারতীয় হাইকমিশনার অথবা হাইকমিশনের কোনো কর্মকর্তা এ চুক্তিতে স্বাক্ষর করবেন। ভারত সরকার তাদের মন্ত্রিসভার বৈঠকে চুক্তির ব্যাপারে অনুমোদন দিয়েছে। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিং এখনও তাতে স্বাক্ষর করেননি। অতিরিক্ত সচিব বলেন, "চুক্তি স্বাক্ষরের পরই ঢাকা থেকে কলকাতা যেতে আগ্রহীদের কাছে টিকিট বিক্রি করা হবে। এজন্য ঢাকার কমলাপুর স্টেশনে একটি বুথ স্থাপন করা হয়েছে। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ারকোচে প্রতি আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে এক পথে ১২ ডলার ও ৩০০ টাকা হারে ভ্রমণ কর এবং সেইসঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট)। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রণ ছাড়া (নন এসি) আসনের ভাড়া আট ডলার এবং তার সঙ্গে একইহারে ভ্রমণ কর ও ভ্যাট দিতে হবে। স্লিপিং বার্থের ভাড়া হবে ২০ ডলার।" চুক্তিতে প্রথম তিন মাস এক ডলারের বিপরীতে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ভ্রমণ কর নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ট্রেনের এসি বার্থে ৩৬টি আসন এবং এসি চেয়ারকোচে ৯০টিসহ মোট ৪১৮টি আসন থাকবে। যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে এটিকেএম ইসমাইল বলেন, "যাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রেনের ভেতর আটজন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন। এ ছাড়া ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে আর্চওয়ে অতিক্রম করতে হবে এবং সেসময় মেটাল ডিটেক্টর দিয়ে তাদের পণ্য ও দেহ তল্লাশি করা হবে।" দুই দেশের মধ্যে হতে যাওয়া চুক্তির মেয়াদ সম্পর্কে অতিরিক্ত সচিব বলেন, "চুক্তিটি তিন বছর মেয়াদি হবে। তা আবার নবায়ন করা যাবে।" তবে তিন মাসের নোটিশে চুক্তি বাতিলের বিধানও রাখা হয়েছে বলে জানান তিনি। অতিরিক্ত সচিব বলেন, "তিন বছরের মধ্যে যদি প্রয়োজন হয় তবে দুই সরকারের প্রতিনিধিরা বৈঠক করে চুক্তি সংশোধন করতে পারবেন।" লাগেজ বহন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রাপ্তবয়স্ক যাত্রীরা ৩৫ কেজি এবং অপ্রাপ্ত বয়সের যাত্রীরা ২০ কেজি পণ্য বহন করতে পারবেন। এর চেয়ে বেশি পণ্য বহন করলে বাড়তি মাশুল আদায় করা হবে। বাংলাদেশ প্রান্তে দর্শনাতে ও ভারত প্রান্তে গেদে স্টেশনে মোট ৮টি করে কাউন্টার থাকবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে যে ট্রেন ভারত যাবে তাতে ৪১৮ জন ও ভারতের ট্রেনে ৩৬০ যাত্রী বহন করা যাবে। রাজস্ব বণ্টন বিষয়ে অতিরিক্ত সচিব জানান, দুরত্বের আনুপাতিক হারে রাজস্ব ভাগ হবে। বাংলাদেশ প্রান্তে দুরত্ব ৩৭৫ কিলোমিটার ও ভারতের প্রান্তে ১২৫ কিলোমিটার হারে ৭৫ ও ২৫ আনুপাতিক হারে রাজস্ব বণ্টন হবে। আগামী ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ থেকে ট্রেন চলাচল শুরু করবে। শনি ও রোববার ট্রেনটি চলবে। তবে বাংলাদেশ এখনই 'বক্স ধরণের' কাটাতারের বেড়া দিচ্ছে না- জানিয়ে সচিব বলেন, "জয়নগরে একটি নতুন স্টেশন নির্মাণ শেষ হলে বাংলাদেশ কাটাতারের বেড়া দেওয়ার বিষয়টি ভেবে দেখবে।" তিনি জানান, বাংলাদেশমুখী ট্রেন কলকাতার চিৎপুর থেকে সকাল সাড়ে সাতটায় ছাড়বে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রেল সার্ভিসের নিরাপত্তা ও ইমিগ্রেশন সংক্রান্ত এক সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম জানান, পহেলা বৈশাখে রেল সার্ভিস শুরু করতে নিরাপত্তা ও ইমিগ্রেশনসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। রেলের যাত্রীদের কাস্টমস ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে সম্পন্ন করা হবে। তবে ইমিগ্রেশনসহ অন্য আনুষ্ঠানিকতাগুলো শেষ হবে দর্শনা স্টেশনে। তিনি আরো জানান, দর্শনাকে রেল বন্দর ঘোষণা করা যায় কিনা তা বিবেচনা করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদও উপস্থিত ছিলেন । রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা-কলকাতা ট্রেন চলাচল চুক্তির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত বছরের জুলাইয়ে এ বিষয়ে আলোচনা শুরু হয়। আগস্টে দুই দেশের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চলে। গত বছর রোজার সময় থেকেই নিয়মিত ট্রেন চালুর কথা থাকলেও সীমান্তের জিরো পয়েন্টে কাঁটা তারের খাঁচা বানানোসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা না হওয়ায় তা পিছিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/কেআরসি/এমকে/এএল/আরএ/এসকে/২০০০ঘ.