চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী এক দশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবাইকে সার্বিক পরিকল্পনা নিতে হবে।
তিনি বলেন, "বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আগামী ২০৫০ সালে বা ২১০০ সালে বাংলাদেশের উন্নয়ন কেমন হওয়া উচিত তা বিবেচনায় রেখেই প্রণয়ন করতে হবে উন্নয়ন পরিকল্পনা।তাই প্রকৌশলীদের মেধা, মনন ও চেতনায় দূরদৃষ্টির সুস্পস্ট প্রতিফলন থাকতে হবে।"
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম সমাবর্তনে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন।
ডিগ্রিপ্রাপ্তদের অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করার আহবান জানিয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতি গঠনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, যেখানে মেধা বিকাশের সব পথ উম্মুক্ত থাকে।"
চুয়েটে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ চট্টগ্রাম অঞ্চলসহ দেশের অনাবিষ্কৃত সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে এ বিভাগটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।"
এর আগে তিনি চুয়েট থেকে পাশ করা সাত কৃতি শিক্ষার্থীর হাতে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক তুলে দেন।
চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রাউজান উপজেলায় ১৯৬৮ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালে উন্নীত হয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় হওয়ার পর এটাই প্রথম সমাবর্তন। চুয়েট মাঠে অনুষ্ঠিত এই সমাবর্তনে বিগত সাত শিক্ষা বর্ষের ১৪০৩ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।
সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। প্রকৌশলবিদ্যার ইতিহাস, মহিমা ও গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, "দুর্ভাগ্যক্রমে দেশের উন্নয়নে প্রকৌশলী ও প্রযুক্তিবিদের মেধা কাজে না লাগিয়ে আমরা বিদেশি উপদেষ্টাদের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছি।"
তিনি বলেন, "সমগ্র জনগোষ্ঠীর খাদ্যের জোগান, দেশজ শিল্পের চাহিদা অনুযায়ী গবেষণার সুযোগ সৃষ্টি, ভুমিকম্প, বন্যা ও অন্যান্য দৈব দুর্বিপাকে পীড়িত লোকজনের সার্বিক সহায়তা প্রদানসহ অন্যান্য ক্ষেত্রে পরমুখাপেক্ষিতা পরিহারের জন্য সঠিক ও লাগসই প্রযুক্তি অত্যাবশ্যক।"
সরকার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগকে অপ্রয়োজনীয় ও বাহুল্য মনে করবে না বলে বিচারপতি হাবিবুর রহমান আশা প্রকাশ করেন।
সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এই বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য ও নগর পরিকল্পনা বিভাগ খোলার গুরুত্ব তুলে ধরে বলেন, "বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম বন্দর , এর পার্শ্ববর্তী ভারী ও মাঝারি শিল্প অঞ্চলের জন্য একটি পূর্ণাঙ্গ মহাপরিকল্পনা প্রণয়ন ও ভবিষ্যতে এর পরিবর্ধনের জন্য অনেক স্থপতি ও পরিকল্পনাবিদ প্রয়োজন।"
তিনি বলেন, "বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে আসছে। এই অবস্থায় দক্ষ প্রযুক্তিবিদ ও প্রকৌশলী সরবরাহ করতে না পারলে আমরা পিছিয়ে পড়বো। বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন বিভাগ ও বিষয় খোলার দিকে দৃষ্টি দিতে হবে।"
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস।
সমাবর্তন উপলক্ষে চুয়েট ক্যাম্পাস নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। ব্যানার ও তোরণে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানের পর তারা পুরনো দিনের মত হৈ হুল্লোড়ে মেতে ওঠেন। খুশিতে জড়িয়ে ধরেন একে অপরকে। মেতে ওঠেন শিক্ষকদের সঙ্গে ফটো সেশনে। সমাবর্তন অনুষ্ঠান শেষ হলেও চুয়েট ক্যাম্পাসে উৎসবের আমেজ থাকবে আরও একদিন। বুধবার প্রাক্তন শিক্ষার্থীরা চতুর্থ পুর্নমিলনী উদযাপন করবে ক্যাম্পাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24