২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের দুই মামলায় ওবায়দুল কাদের অভিযুক্ত

ঘুষ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দায়ের করা দুটি আলাদা মামলায় মঙ্গলবার অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 12:53 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দায়ের করা দুটি আলাদা মামলায় মঙ্গলবার অভিযোগ গঠন হয়েছে। সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ ও ৯ এ মামলা দুটির অভিযোগ গঠন হয়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম গত বছরের ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাগুলো দায়ের করেন। বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলামের আদালতে একটি মামলার অভিযোগ গঠন হয়। আদালত আগামী ১০ এপ্রিল সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে। এ মামলার এজাহারে বলা হয়েছে, ওবায়দুল কাদের ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কাজের জন্য নিয়োজিত জিবিবি লিমিটেড, মো. ইউনুস অ্যান্ড ব্রাদার্সসহ ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৮ লাখ টাকা ঘুষ নেন। ৪৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা অপর মামলার অভিযোগ গঠন হয় বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামানের আদালতে। এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য হয়েছে আগামী ১৫ এপ্রিল। এ মামলায় অভিযোগ করা হয়, ২০০০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওবায়দুল কাদের সানরাইজ ইঞ্জিনিয়ার্স, জি এন্টারপ্রাইজ, এস এস ইঞ্জিনিয়ারিংসহ ৩০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৭ লাখ টাকা ঘুষ নেন। ঘুষ নেওয়ার অভিযোগে ওবায়েদুল কাদেরের বিরুদ্ধে একই বাদি ওই দিনই পল্টন থানায় আরও একটি মামলা করেন। ওবায়েদুল কাদেরকে গত বছরের ৯ মার্চ যৌথবাহিনী গ্রেপ্তার করে। ওবায়দুল কাদের বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৪৯ ঘ.