২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিকের মৃত্যু

টাঙ্গাইলে মঙ্গলবার দুপুরে বিমানবাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক মোর্শেদ হাসানের মৃত্যু হয়েছে। মোর্শেদ হাসান ছিলেন স্কোয়াড্রন লিডার। তিনি মাদারীপুর জেলার কয়ারিয়া গ্রামের মোর্শেদ জমাদারের ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। ১৯৭৪ সালে জন্ম নেওয়া মোর্শেদ হাসান ১৯৯৮ সালে বিমানবাহিনীতে যোগ দেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে মঙ্গলবার দুপুরে বিমানবাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক মোর্শেদ হাসানের মৃত্যু হয়েছে। মোর্শেদ হাসান ছিলেন স্কোয়াড্রন লিডার। তিনি মাদারীপুর জেলার কয়ারিয়া গ্রামের মোর্শেদ জমাদারের ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। ১৯৭৪ সালে জন্ম নেওয়া মোর্শেদ হাসান ১৯৯৮ সালে বিমানবাহিনীতে যোগ দেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর টাঙ্গাইল প্রতিনিধি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পাহাড়িয়া পাড়া গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টা ৪৬ মিনিটে ঢাকার কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে মোর্শেদ হাসানের জঙ্গি বিমানটি উড্ডয়ন করে। টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ ফায়ারিং শেষে ফেরার পথে যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিলকিস জাহান রিমি জানান, দুর্ঘটনা-কবলিত বিমানের পাইলট প্যারাসুট নিয়ে লাফ দিলেও পাহাড়িয়া পাড়ার তারা মিয়ার ঘরের চালে পড়ে টিন ভেঙে আটকে থাকেন। প্রত্যক্ষদর্শী পাহাড়িয়া পাড়ার আনোয়ার হোসেন বলেন, বিমানটি আকাশে বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে একটি কলার বাগানে পড়ে প্রায় ১০ ফুট মাটির নিচে দেবে যায়। বিমানের যন্ত্রাংশ আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আশেপাশে থেকে পানি এনে যন্ত্রাংশ ও মূল বিমানের আগুন নেভায়। খবর পেয়ে আশপাশের এলাকা থেকে কয়েক লোক ঘটনাস্থলে ছুটে যায়। সেনা, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। বিমান বাহিনীর বিশেষজ্ঞরা পুড়ে যাওয়া যন্ত্রাংশ পরীক্ষা করেন। আইএসপিআর জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা থেকে বিমান বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার হেলিকপ্টার মেডিকেল ও টেকনিক্যাল টিমসহ ঘটনাস্থলে পৌঁছায়। তারা পাইলটকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম জাহিদ উদ্দিন, টাঙ্গাইল জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বিমান দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আত্মার মাগফেরাত কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএআর/এমআই/এমএইচবি/২১২৯ ঘ.