ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা-র ফাঁসির আদেশ সোমবার মওকুফ করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার রাত ১১টায় কুমিল্লা কারাগারে তার ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। সেনাপ্রধান মইন উ আহমেদ রাষ্ট্রপতির কাছে মুক্তিযোদ্ধা রাখালের প্রাণভিক্ষা চান।
কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি পুনর্বিবেচনায় এনে মওকুফ করায় রাখাল চন্দ্র নাহা-র ফাঁসি কার্যকর করা হচ্ছে না। রাষ্ট্রপতির এ নির্দেশ ইতোমধ্যে কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে।"
কুমিল্লা কারাগারের জেলার মো. সালেক উদ্দিন জানান, "রাখালের ফাঁসির প্রস্তুতি নেয়া হয়েছিল। স্থগিতাদেশ পেয়ে তা বন্ধ রাখা হয়েছে।"
প্রায় ১১ বছর আগে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার দেবীদ্বারে পরিবারের লোকজনদের মধ্যে মারামারিতে লাঠির আঘাতে নিহত হন রাখাল চন্দ্রের জ্যাঠাতো বোনের স্বামী দীনেশ চন্দ্র দত্ত। এ ঘটনায় ১৯৯৯ সালে হওয়া মামলায় গ্রেপ্তার হন রাখাল।
২০০৩ সালের ২০ জানুয়ারি কুমিল্লার একটি আদালতে তার ফাঁসির রায় হয়। পরে উচ্চ আদালতে ওই রায় বহাল থাকে।
রাখালও তার তার প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। রাষ্ট্রপতি তা নাকচ করে দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/এমএইচবি/২২১৭ ঘ.
bdnews24