কক্সবাজার, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের কারাগারে আটক থাকা ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে সে দেশের সরকার। সোমবার দুপুরে মিয়ানমারের মংডু টাউনশীপে বিডিআর ও নাসাকা বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে তিনজন মহিলা ও ২টি শিশুও রয়েছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- কুমিল্লা মুরাদ নগরের জজ মিয়া ও শফিকুল ইসলাম, যশোরের মোহাম্মদ জসিম, ব্রাক্ষণবাড়িয়ার আক্কাস মিয়া, কক্সবাজারের ডুলাহাজারার মোহাম্মদ রফিক এবং পার্বত্য বান্দরবানের মা ছেন থাইং, মা অন থাছিং ও মা মেসু মা। বান্দরবানের তিন মহিলার সঙ্গে ছিল দুটি শিশু। এরা হল- থু থু অং (৬) ও থামা প্র" (৫)।
টেকনাফ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাবিব হাসান ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে তার নেতৃত্বে বিডিআর এর আট সদস্যের একটি দল সোমবার সকালে মিয়ানমারের মংডু টাউনশীপে যান। দুপুরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে মিয়ানমারের পক্ষে ছিল সীমান্তরক্ষী বাহিনী নাসাকার আট সদস্যের একটি দল। দলটির নেতৃত্ব দেন কমান্ডার উ সিং সুুই।
তিনি জানান, বৈঠকে দুদেশের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। এছাড়া সীমান্তে টহল জোরদার, বাংলাদেশি জেলেদের সেদেশের জলসীমায় প্রবেশ না করা, অবৈধ চোরাচালান বন্ধের বিষয়ে দুদেশের মধ্যে ঐকমত্য হয়।
টেকনাফ থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ফেরত আসা বাংলাদেশিরা তাদের হেফাজতে রয়েছে। আত্মীয় স্বজনরা এলে তাদের হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24