২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরিকুলের স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মাল ক্রোকের নির্দেশ

সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে করা মামলায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, তার স্ত্রী, দুই ছেলে ও এক ছেলে বউয়ের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে তরিকুল ইসলাম ছাড়া মামলার অপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরয়োনা জারি ও মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

যশোর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে করা মামলায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, তার স্ত্রী, দুই ছেলে ও এক ছেলে বউয়ের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে তরিকুল ইসলাম ছাড়া মামলার অপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরয়োনা জারি ও মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার যশোরের জেলা দায়রা জজ মোহাম্মাদ আসগর আলী অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের এই আদেশ দেন। তরিকুল ইসলাম বর্তমানে কারগারে রয়েছেন। গত বছর ৫ ফেব্র"য়ারি যৌথবাহিনী যশোর শহরের ঘোপ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তরিকুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ, সম্পত্তি জবরদখলসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার স্ত্রী অধ্যাপিকা নার্গিস বেগম, তার দুই ছেলে শান্তনু ইসলাম সুমিত, অনিন্দ্য ইসলাম অমিত ও ছেলে বউ লামিয়া শারমিন বর্তমানে পলাতক। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ। মামলার এজাহারে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ১৮ ফেব্র"য়ারি তরিকুল ইসলামের সম্পত্তির হিসাব বিবরণ চেয়ে নোটিশ দেয়। ওই বছর ২০ ফেব্র"য়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলারের মাধ্যমে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী জমা দেন। ওই বিবরণীতে দুই কোটি ১৬ লাখ ৩০ হাজার ৬২১ টাকার সম্পত্তির তথ্য দেন তিনি। এছাড়া তিনি ব্যাংকের কাছে ২২ লাখ টাকা দেনা আছেন বলেও তার হিসাব বিবরণীতে উল্লেখ করেন। পরে দুদক তরিকুল পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জানতে চায়। তরিকুল পরিবার যে হিসাব বিবরণী দাখিল করেছেন তাতে ১০ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৩৩৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে বলে জানানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (অনুসন্ধান-২) মোবারা খানম অনুসন্ধানে জানতে পারেন, দাখিলকৃত সম্পত্তির হিসাবের বাইরে তরিকুল পরিবারের নগদ ২ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ১৭৩ টাকা রয়েছে। এছাড়া আয়ের সঙ্গে সংগতিহীন ৪ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮১৩ টাকার সমপরিমাণ সম্পত্তি আছে। এজাহারে বলা হয়, তরিকুল ইসলাম এক কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকা, তার স্ত্রী নার্গিস বেগম ৯২ লাখ ৯১ হাজার ৫৮২ টাকা, ছেলে শান্তনু ইসলাম সুমিত ৩০ লাখ ৪০ হাজার এবং আরেক ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ২৭ লাখ ২৭ হাজার ২৬৭ টাকার সমমূল্যের সম্পত্তির তথ্য গোপন করেছেন। এর মধ্যে তরিকুলের ছেলে বউ লামিয়া শারমিনের সম্পত্তিও রয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক আমিনুর রহমান মামলার তদন্ত শেষে গত ২৮ ফেব্র"য়ারি যশোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.