বগুড়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরতলীর নওদা পাড়ায় সোমবার সকালে একটি মিনিবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন। সকালে সারিকান্দিতে ট্রাকের ধাক্কায় মারা গেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি।
নিহতরা হলেন- সিএনজি চালক সাইফুল ইসলাম, যাত্রী আব্দুল গাফফার (৩৩) ও মকবুল হোসেন।
সদর থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নওদা পাড়ায় সিএনজি স্টেশন থেকে একটি মিনিবাস গ্যাস নিয়ে বের হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইফুল ইসলাম (২৮) নিহত হন। আহত হন এর চার যাত্রী।
তিনি জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আব্দুল গাফফার (৩৩) ও মকবুল হোসেন (৪০) নামে দুই যাত্রীর মৃত্যু হয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
মোয়াজ্জেম হোসেন বলেন, সকাল ৯টায় বগুড়ার সারিয়াকান্দি সড়কে সাবগ্রাম এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৯) এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ট্রাকটি সনাক্ত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24