বরিশাল, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে রূপালী ব্যাংকের সেন্টাল বাস র্টামিনাল শাখার ২৩ কোটি টাকা আত্মসাতের মামলায় সাত কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
রোববার সন্ধ্যায় মুখ্য বিচার বিভাগীয় হাকিম মঈন উদ্দিন ইসলামের কাছে অভিযোগপত্র দাখিল করেন দুনীতি দমন কমিশন বরিশাল জেলার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম ফজলুল হক।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- নগরীর আম্বিয়া মেমোরিয়াল হাসপাতালের মালিক ও জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মহানগর আহ্বায়ক জান্নাতুন নেছা নয়ন, তার স্বামী অনি এন্টারপ্রাইজজের মালিক এসএম ইউনুস ওরফে টিউবওয়েল ইউনুস, রূপালী ব্যাংক সেন্টাল বাস র্টামিনাল শাখার ব্যবস্থাপক মো. শামছুর রহমান, একই শাখার প্রিন্সিপাল অফিসার মো. মকবুল হোসেন, সদর রোড শাখার সাবেক ব্যবস্থাপক মো. আব্দুল খালেক, ওই শাখার সাবেক কর্মকর্তা ও বর্তমানে পিরোজপুরের ইন্দ্রেরহাট শাখার ব্যবস্থাপক এ কে এম শামসুল আজাদ, নিরীক্ষা ও পরিদর্শক সেলের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুর রব, আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা বিপ্লব ঘোষ এবং সাবেক প্রিন্সিপাল অফিসার ও বর্তমানে পটুয়াখালী ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।
অভিযোগপত্রে জান্নাতুন নেছা নয়নের বিরুদ্ধে তিন কোটি টাকার একটি স্থায়ী আমানতের বিপরীতে অতিরিক্ত ২২ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ১০৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
জামিনদার হিসেবে তার স্বামী অনি এন্টারপ্রাইজের মালিক টিউবওয়েল ইউনুস এবং অনিয়মে সহায়তার দেওয়ার জন্য ব্যাংকের সাত কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।
ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি ধরা পড়লে ২০০৬ সালের ১৬ মার্চ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল হক কোতয়ালি থানায় একটি মামলা করেন। দুনীতি আইনের ৫ (২) ধারায় করা মামলাটি তদন্তের দায়িত্ব নেয় দুর্নীতি দমন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.
bdnews24