সাভার, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ডের কাছে সোমবার দুপুরে ভারতীয় হাইকমিশনার ড. পিনাক রঞ্জন চক্রবর্তীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে তিনি ও তার স্ত্রী অক্ষত আছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহীন পারভেজ বলেন, ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী ও তার স্ত্রী অধ্যাপক ড. রাধা চক্রবর্তী দিনাজপুর থেকে ঢাকায় ফিরছিলেন। দুপুর আড়াইটার দিকে সাভারের নিশ্চিন্তপুর স্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মঞ্জিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-২৯৮৯) একটি বাস ওভারটেক করতে গেলে তাদের সাদা প্রাইভেটকারের (দ-৫৯০০১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
তিনি জানান, হাইকমিশনার দম্পতিকে তাদের প্রটোকল কর্মকর্তা বিনোদ কুমারের প্রাইভেটকারে করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ ঘাতক বাস ও চালক কামরুজ্জামানকে (২০) আটক করেছে বলে উপ-পরিদর্শক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24