টাঙ্গাইল, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মুক্তিযোদ্ধার ফাঁসি কার্যকর হওয়ার একদিন আগে তার প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
একটি হত্যা মামলায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা-র ফাঁসি কার্যকর হওয়ার কথা সোমবার রাত ১১ টায়।
পত্রিকার মাধ্যমে এ খবর জেনে সেনাপ্রধান রোববার টাঙ্গাইলে বলেন, "মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা-র মৃত্যুদণ্ড মওকুফের জন্য আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছি।"
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয়, 'মুক্তিযোদ্ধার প্রতি সম্মানের নিদর্শন হিসেবে ব্যক্তিগতভাবে সেনাপ্রধান রাষ্ট্রপতি বরাবরে রাখাল চন্দ্র নাহা-র প্রাণভিক্ষার আবেদনের উদ্যোগ নিয়েছেন।'
টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গাবসারায় এক কৃষক সমাবেশে সেনাপ্রধান বলেন, "রাখাল চন্দ্র নাহা একজন মুক্তিযোদ্ধা। এ দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন। আজ আমরা যে স্বাধীনতা পেয়েছি তা মুক্তিযোদ্ধাদের জন্য। তিনি হয়তো অন্যায় করেছেন। কিন্তু তাকে তো মাফও করা যায়।"
প্রায় ১১ বছর আগে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পরিবারের লোকজনদের মধ্যে মারামারিতে লাঠির আঘাতে নিহত হন রাখাল চন্দ্রের জ্যাঠাতো বোনের স্বামী দীনেশ চন্দ্র দত্ত। এ ঘটনায় ১৯৯৯ সালে হওয়া মামলায় গ্রেপ্তার হন রাখাল চন্দ্র। ২০০৩ সালের ২০ জানুয়ারি কুমিল্লার একটি আদালতে তার ফাঁসির রায় হয়। পরে উচ্চ আদালতে ওই রায় বহাল থাকে।
রাষ্ট্রপতিও তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/এমএইচবি/২৩১৬ ঘ.
bdnews24