ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা- কলকাতা সরাসরি ট্রেন চলাচল শুরুর খসড়া চুক্তিতে রোববার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
তবে ট্রুথ কমিশন গঠনের লক্ষ্যে প্রণীত 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮' আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি অনুমোদন পাওয়ায় পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে ঢাকা-কলকাতা ট্রেন চলাচল শুরুর প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল। দু' দেশের সরকার আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিতে সই করবে বলে আশা করা যায়।"
এর আগে ঢাকা-কলকাতা রেল চালুর বিষয়ে ৫০টি ধারা সম্বলিত একটি খসড়া চুক্তিপত্র চূড়ান্ত করে দুই দেশের প্রতিনিধিদল। উপদেষ্টা পরিষদ রোববার ওই চুক্তিপত্রটিই অনুমোদন করে। এছাড়া ৩ এপ্রিল ঢাকায় দু' দেশের রেল কর্মকর্তাদের সভায় এ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করা হয়।
ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে একটি ট্রেন কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন সকালে ট্রেনটি ভারতের চিৎপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়বে।
এছাড়া কলকাতা থেকে আরেকটি ট্রেন প্রতি শনিবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। সেই ট্রেনটি রোববার সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা হবে।
চুক্তির খসড়ায় ট্রেনের আসন ভাড়া ধরা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং বার্থ ২০ ডলার, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার ১২ ডলার এবং সাধারণ চেয়ার ৮ ডলার।
ট্রেনে ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগবে ১৪ ঘণ্টা। এর মধ্যে ৬ ঘণ্টা ব্যয় হবে দু' দেশের কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার জন্য।
ফাহিম মুনেম জানান, ট্রুথ অ্যান্ড একাউন্টেবিলিটি কমিশন গঠনের লক্ষ্যে 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮' নিয়ে পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এছাড়া ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে 'চার্টার সেক্রেটারিস অধ্যাদেশ-২০০৮' এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চার্টার সেক্রেটারি পেশার উন্নয়ন ও বিকাশের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এই অধ্যাদেশ তৈরির প্রস্তাব করেছিল।
প্রেস সচিব জানান, এ অধ্যাদেশে সাতটি অধ্যায় ও ৩০টি ধারা রয়েছে। এর আওতায় ঢাকায় একটি চার্টার সেক্রেটারিস ইনস্টিটিউট গঠন করা হবে। ছাত্রভর্তি, শিক্ষাদান, সনদ বিতরণসহ ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করবে ১৭ সদস্যের একটি কাউন্সিল। এই কাউন্সিলের মেয়াদ হবে তিন বছর।
উপদেষ্টারা সবাই বৈঠকে অংশ নেন। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের মধ্যে মানিক লাল সমাদ্দার ও রাজা দেবাশীষ রায় বৈঠকে ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/কেআরসি/জিএমএ/জেকে/এমএইচবি/২২৫২ ঘ.
bdnews24