২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি খাতকে একটি মন্ত্রণালয়ের অধীনে চান বিটিআরসি চেয়ারম্যান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে নির্দিষ্ট একটি মন্ত্রণালয়ের অধীনে আনার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে নির্দিষ্ট একটি মন্ত্রণালয়ের অধীনে আনার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম। রোববার বেটার বিজনেস ফোরামের (বিবিএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মঞ্জুরুল আলম সাংবাদিকদের বলেন, "আইসিটি খাতের সম্ভাবনাকে কাজে লাগানো এবং এ ব্যাপারে কার্যকর নীতি তৈরিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।" দেশের আইসিটি খাত বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। মঞ্জুরুল আলম জানান, বৈঠকে আইসিটি খাতের অবকাঠামোগত উন্নয়নে বিবিএফ এর বিভিন্ন সুপারিশ ও পরামর্শ নিয়ে আলোচনা হয়েছে। বিটিআরসি মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত কর ৮০০ টাকা থেকে কমিয়ে আনার কথা ভাবছে বলেও জানান তিনি। চেয়ারম্যান বলেন, ইন্টারনেট টেলিফোনি (আইপি ফোন) চালুর মাধ্যমে গ্রামীণ এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) জন্য বাজার তৈরিতে বিটিআরসি কাজ করছে। জনগণের মতামতের জন্য দ্রুত এর খসড়া প্রকাশ করা হবে। তিনি আরো জানান, মে মাসের শেষ নাগাদ ওয়াইম্যাক্স প্রযুক্তির নীতিমালাও জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হবে। ছয় মাসের মধ্যে ওয়াই ম্যাক্স প্রযুক্তি চালুর বিষয়ে সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সরকারের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মঞ্জুরুল আলম বলেন, "এ জন্য আমাদের একটি কক্ষপথ (অরবিট) দরকার। এর বরাদ্দ পেতে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাছে আবেদন জানিয়েছি আমরা। সরকার বেসরকরি খাতের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়। আগামী দু'বছরের মধ্যে বাংলাদেশ মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠাতে পারবে।" তিনি বলেন, ব্যান্ডউইডথ এর ভাড়া কমানোর ব্যাপারেও বিটিআরসির পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি নির্ভর করছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ তার ও টেলিয়োন বোর্ডের ওপর। বিবিএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা শিল্প ও বণিক সমিতির (ডিসিসিআই) চেয়ারম্যান হোসাইন খালেদ। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২২৪৫ ঘ.